মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশি ফুটবলারকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশি ফুটবলারকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড আল আমিনকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব এ শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার দলীয় টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জেরেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

এই নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের পরবর্তী ১৫টি আন্তর্জাতিক ম্যাচ ও ফিফা টায়ার-১ নিশ্চিত হওয়া ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন না আল আমিন। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের ওপর আরোপিত এটিই সবচেয়ে দীর্ঘমেয়াদি শাস্তি।

একই ঘটনায় জড়িত থাকায় বাংলাদেশের আরেক তরুণ ফুটবলার মিরাজুলকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

উল্লেখ্য, মালদ্বীপের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিক দলের খেলোয়াড়দের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা।

এর আগে বাংলাদেশি কোনো ফুটবলারের ওপর বড় শাস্তির ঘটনা ঘটেছিল ১৯৮৯ সালে। পাকিস্তানের সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার অভিযোগে তৎকালীন জাতীয় দল অধিনায়ক ইলিয়াস হোসেনকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর