মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে জরিমানা গুণছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে জরিমানা গুণছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করায় সাবেক অস্ট্রেলীয় ব্যাটার ডেভিড ওয়ার্নারকে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। একই সাথে আদালতের নির্দেশে তার গাড়িতে অ্যালকোহল ইন্টারলক ডিভাইস বসানো বাধ্যতামূলক করা হয়েছে।

গত এপ্রিলে সিডনিতে ইস্টার সানডেতে পরিবারকে নিয়ে সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি শ্বাস পরীক্ষায় ধরা পড়েন ৩৯ বছর বয়সী এই তারকা। তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল আইনি সীমার চেয়ে দ্বিগুণেরও বেশি।

মঙ্গলবার ওয়েভার্লি লোকাল কোর্ট জানায়, তল্লাশি চৌকি দেখে গাড়ি থামিয়ে দেন ওয়ার্নার এবং সাথে থাকা এক নারী যাত্রীর সাথে নিজের আসন অদলবদল করার চেষ্টা করেন। নতুন নির্দেশ অনুযায়ী তার গাড়িতে এমন যন্ত্র বসাতে হবে যা চালকের নিঃশ্বাসে অ্যালকোহল শনাক্ত করলে গাড়ি স্টার্ট হতে দেবে না।

রায় প্রদানকালে বিচারক ক্লেয়ার ফারনান বলেন, “আমি মানছি যে মিস্টার ওয়ার্নার দ্বিতীয়বার এই অপরাধ করবেন না। তবে আফসোসের বিষয় হলো নিউ সাউথ ওয়েলসে এখনও অনেক দুর্ঘটনার পেছনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অন্যতম প্রধান কারণ।” তিনি আরও যোগ করেন, গাড়িতে শিশুরা থাকা সত্ত্বেও এমন কাজ করা অপরাধকে আরও গুরুতর করে তুলেছে।

আইনজীবী অবশ্য সংবাদমাধ্যমের ব্যাপক প্রচার ও বাণিজ্যিক ক্ষতি হওয়ার দোহাই দিয়ে সাজা মওকুফের আবেদন করেছিলেন, যা আদালত নাকচ করে দেয়।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে ফক্স স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন। সম্প্রতি ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচেও তিনি ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি পিএসএলের করাচি কিংস এবং বিগ ব্যাশ লিগের সিডনি থান্ডারের অধিনায়কত্ব করছেন।

বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের মালিকানাধীন প্রতিষ্ঠান ক্রিকেট নিউ সাউথ ওয়েলস এক বিবৃতিতে জানিয়েছে, “মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এড়াতে সবসময়ই কঠোর অবস্থান নেয় ক্রিকেট নিউ সাউথ ওয়েলস। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখছি এবং সব খেলোয়াড়দের নিরাপদ গাড়ি চালানোর ব্যাপারে সচেতন করা অব্যাহত রেখেছি।”

অস্ট্রেলিয়ার হয়ে ১৫৯টি ওডিআই ইনিংসে ২২টি সেঞ্চুরিসহ ৬,৯৩২ রান করেছেন ওয়ার্নার। এছাড়া ১১২টি টেস্ট ম্যাচে ২৬টি সেঞ্চুরিতে তার ঝুলিতে রয়েছে ৮,৭৮৬ রান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর