সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

নতুন ভূমিকায় বার্সেলোনায় ফিরলেন বুসকেটস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

নতুন ভূমিকায় বার্সেলোনায় ফিরলেন বুসকেটস

কোচিং ক্যারিয়ার শুরু করতে আবার প্রিয় আঙিনা বার্সেলোনায় ফিরে এসেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার সের্হিও বুসকেটস। স্পেনের চতুর্থ বিভাগের লিগে বার্সার রিজার্ভ দলের হয়ে কোচিংয়ের মাধ্যমে নিজের নতুন অধ্যায় শুরু করছেন এই ফুটবল কিংবদন্তি।

৩৮ বছর বয়সী বুসকেটস নিজের কোচিং লাইসেন্স সম্পন্ন করার পাশাপাশি এই মৌসুমে বার্সা অ্যাথলেতিকের মূল কোচ জুলিয়ানো বেলেত্তির স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৮ সালেও বার্সেলোনার এই রিজার্ভ দলটি দ্বিতীয় বিভাগে খেলছিল। কিন্তু ধারাবাহিক অবনমনের কারণে দলটি এখন স্প্যানিশ ফুটবলের চতুর্থ ধাপ বা 'সেহুন্দা ফেদেরাসিওন'-এ নেমে গেছে। বেলেত্তি ও বুসকেটসের মূল লক্ষ্য হবে একদিকে যেমন যুব অ্যাকাডেমির তরুণদের মূল দলের জন্য তৈরি করা, অন্যদিকে দলকে আবার তৃতীয় বিভাগে তুলে আনা।

২০০৫ সালে এক তরুণ খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় পা রেখেছিলেন বুসকেটস। পেপ গুয়ার্দিওলার অধীনে মূল দলে আলো ছড়ানোর আগে তিনি রিজার্ভ দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেছিলেন।

এরপর কাতালান ক্লাবটির মূল দলের হয়ে ঐতিহাসিক ৭২২টি ম্যাচ খেলেন তিনি। বার্সার জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লিওনেল মেসি ও চাভি হার্নান্দেজ। খেলোয়াড় হিসেবে তিনি বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি জিতেছেন।

স্পেন জাতীয় দলের হয়ে ১৪৩টি ম্যাচ খেলা এই তারকা ২০১০ সালে স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরো জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন।

বার্সেলোনা ছাড়ার পর ২০২৩ সালে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বুসকেটস। সেখানে তিনি তার পুরনো সতীর্থ ও প্রিয় বন্ধু লিওনেল মেসি, জর্দি আলবা এবং লুইস সুয়ারেজের সাথে ক্যারিয়ারের শেষ সময়গুলো কাটান। মায়ামির হয়ে ১১৬টি ম্যাচ খেলার পাশাপাশি ২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৫ সালের এমএলএস কাপ জিতিয়ে অবশেষে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন এই কিংবদন্তি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর