সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

অবসর পরিকল্পনা জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

অবসর পরিকল্পনা জানালেন রোনালদো

চলতি মৌসুমের পরেই পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, নতুন এই মৌসুমই হতে যাচ্ছে মাঠে তার শেষ অধ্যায়।

আগামী গ্রীষ্মে সৌদি ক্লাব আল-নাসরের সাথে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি শেষ হওয়ার সময় ৪১ বছর বয়সী এই তারকার বয়স দাঁড়াবে ৪২ বছরে। এর আগে গত নভেম্বরে তিনি আরও ১-২ বছর খেলার কথা বললেও, এবার নিজের অবসর নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “সম্ভবত ফুটবলে এটিই আমার শেষ বছর হতে যাচ্ছে এবং আমি একটি চমৎকার উত্তরাধিকার রেখে যেতে চাই।”

অবসর পরবর্তী জীবন নিয়ে তিনি বলেন, “আমার পুরো ভবিষ্যৎ আমি ইতোমধ্যেই পরিকল্পনা করে রেখেছি। নিজেকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। ফুটবল জীবনে একটা বড় শূন্যতা তৈরি করতে পারে, তাই আপনাকে শুধু একটি উপায়ে নয়, নানাভাবে সময় কাটাতে হবে। এছাড়া আরও বেশি উপভোগ করতে চাই, ঘুরে বেড়াতে চাই, প্যাডেল খেলতে ও দেখতে চাই, যা আমার খুব পছন্দ। আর আমি যা অর্জন করেছি, আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই। দিন শেষে এটি ছিল ২৫ বছরের এক দীর্ঘ আত্মত্যাগ।”

সৌদি প্রো লিগের উদ্বোধনী ম্যাচে আল-ফাতেহের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে অবশ্য মাঠের বাইরে গ্যালারিতে বসে খেলা দেখেছেন রোনালদো। তার সর্বশেষ ম্যাচটি ছিল গত ৬ জুলাই বিশ্বকাপে স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াই।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছটি ভিন্ন আসরে গোল করার অনন্য রেকর্ড রয়েছে রোনালদোর ঝুলিতে। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো কাপ জেতানোর পাশাপাশি দুবার নেশনস লিগের শিরোপাও এনে দিয়েছেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর