ডারউইনের মাঠে বাংলাদেশের ৯ উইকেটের বিশাল জয় শুধু অস্ট্রেলিয়ার গর্বে আঘাত করেনি, সঙ্গে নিয়ে এসেছে আর্থিক জরিমানা ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানোর ঝুঁকি।
গত্যাট কামিন্সের দল গত শনিবার নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৮৬ ওভার বোলিং করতে পেরেছিল। আইসিসির নিয়ম অনুযায়ী টেস্টে প্রতিদিন অন্তত ৯০ ওভার সম্পন্ন করতে হয় (প্রতি ঘণ্টায় ১৫ ওভার)। চার ওভার কম হওয়ায় এখন শাস্তির সম্ভাবনা দেখা দিয়েছে।
আইসিসির বিধিমতে প্রতিটি কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া যায়। প্রতি অজি খেলোয়াড়ের ম্যাচ ফি প্রায় ২০ হাজার ডলার। সে হিসেবে এক ওভারে ১ হাজার ডলার করে চার ওভারে মোট ৪ হাজার ডলার জরিমানা হতে পারে প্রত্যেকের।
আর্থিক ক্ষতির পাশাপাশি আরও বড় ধাক্কা হতে পারে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে। স্লো ওভার রেটের কারণে চার পয়েন্ট কাটা যেতে পারে অস্ট্রেলিয়ার। বর্তমানে তারা ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয়ের হার নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (৩৬ পয়েন্ট, ৭৫ শতাংশ) এবং বাংলাদেশ চতুর্থ (৪০ পয়েন্ট, ৬৬.৬৭ শতাংশ)।
ফাইনালের স্বপ্ন পূরণে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ অজিদের কাছে। অতীতে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে একই কারণে চার পয়েন্ট হারিয়ে ২০২১ সালের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল তাদের।
ডারউইনে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সবচেয়ে বড় পরাজয়গুলোর অন্যতম। এখন স্লো ওভার রেটের জেরে আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে প্যাট কামিন্সের দল।




