সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম, বিশেষ কৃতিত্ব দিলেন দুজনকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

শেয়ার করুন:

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম, বিশেষ কৃতিত্ব দিলেন দুজনকে

ডারউইনের মাঠে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ যে ইতিহাস গড়ল, সেই জয় পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকেও মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি এই জয়কে ‘এপিক’ বা মহাকাব্যিক বলে উল্লেখ করেছেন।

ওয়াসিম লিখেছেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এমন দারুণ জয় দেখিয়ে দিয়েছে টেস্ট ক্রিকেটে তাদের উন্নতি এবং অগ্রাধিকার এখন কোথায়।

দলের প্রায় সবার অবদানের কথা উল্লেখ করে তিনি বিশেষভাবে ওপেনার তানজিদ হাসানের প্রশংসা করেছেন। প্রথম ইনিংসে ১৯৭ বলে ১০১ রানের সেঞ্চুরি করে তানজিদ অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম টেস্ট শতক গড়েন।

তবে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন হাসান মাহমুদের বোলিংয়ে। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচের শুরুতেই বাংলাদেশকে নিয়ন্ত্রণে আনেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন এবং ম্যাচসেরা হন।

ওয়াসিম বলেন, হাসান দারুণ লেংথে বল করেছে। বিশেষ কিছু করার চেষ্টা না করে টেস্টের সঠিক লেংথই ধরে রেখেছে।

ম্যাচে বাংলাদেশের পেসাররা শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখে। হাসানের ৬ উইকেটের পাশাপাশি তাসকিন ও এবাদত নেন দুটি করে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৯৮ রানে। এরপর তানজিদের সেঞ্চুরি, মিরাজের ৬৫ ও অন্যদের অবদানে বাংলাদেশ তোলে ৪২৬। দ্বিতীয় ইনিংসে মিরাজের ৫ ও হাসানের ৩ উইকেটে অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট হয়। লক্ষ্য ছিল মাত্র ৫৭। এক উইকেট হারিয়েই সেই রান তুলে নেয় বাংলাদেশ।

এটি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাদের মাত্র দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর