অবসরের জল্পনা আরও উসকে দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ইঙ্গিত দিয়েছেন, আসন্ন বছরটিই হতে পারে তার দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শেষ বছর।
রোববার লাইফস্টাইল ম্যাগাজিন 'ভোগ'-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর এবং আমি একটি চমৎকার উত্তরাধিকার রেখে যেতে চাই।”
২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন পর্তুগাল অধিনায়ক। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। সর্বকালের অন্যতম সফল এই ফুটবলারের বয়স এখন ৪১ বছর।
ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি'অর জিতেছেন রোনালদো। তবে এ বছর বিশ্বকাপে পর্তুগাল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় অধরা বিশ্বকাপ ট্রফিটা তার আর ছোঁয়া হয়নি। ফলে ক্যারিয়ারের সবচেয়ে বড় এই অর্জনটি ছাড়াই হয়তো তাকে বিদায় নিতে হবে।
দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৭৬টি গোল করেছেন এই ফরোয়ার্ড। অবসর পরবর্তী জীবন নিয়ে তিনি বলেন, “নিজেকে ব্যস্ত রাখার মতো এত কিছু আমার আছে যে শুধু একটির কথা বলা কঠিন। কারণ ফুটবল জীবনে বড় একটি শূন্যতা তৈরি করতে পারে, তাই আপনাকে বিভিন্ন উপায়ে সময় কাটাতে হবে, শুধু একটি উপায়ে নয়।”
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, “আরও বেশি মজা করতে চাই, বেশি বেশি ঘুরতে চাই। প্যাডেল দেখতে ও খেলতে চাই, যা আমার খুব পছন্দের। আর আমি যা অর্জন করেছি- আমরা যা অর্জন করেছি তা উপভোগ করা চালিয়ে যেতে চাই। কারণ দিন শেষে এটি ছিল ২৫ বছরের এক দীর্ঘ আত্মত্যাগ।”
ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলকের খুব কাছাকাছি রয়েছেন রোনালদো। এই অভাবনীয় কীর্তি গড়তে চলতি মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।




