রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে ইতিহাস

ফুটবলের আঙিনায় ইউরোপের দেশ স্পেনের রাজত্ব কিংবা রিয়াল-বার্সেলোনার জাদুকরি পাসিংয়ের কথা কমবেশি সবারই জানা। তবে ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়ে এবার সবুজ গালিচায় নিজেদের শক্তির বড় বার্তা দিল স্প্যানিশরা। অবিশ্বাস্য এক ধারাবাহিকতা দেখিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ২১ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়েছে স্পেন। পেছনে ফেলেছে রিকি পন্টিংয়ের নেতৃত্বে বিশ্ব শাসন করা সেই সোনালী যুগের অস্ট্রেলিয়াকেও।

গত শুক্রবার ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল স্পেন। ফিনল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েই নতুন এই বিশ্বরেকর্ড নিজেদের দখলে নেয় তারা। এই জয়ের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের টানা অপরাজিত থাকার সংখ্যা পৌঁছে গেছে ২১ ম্যাচে। এর মধ্য দিয়ে ২০০৩ সালে টানা ২০ ম্যাচ জেতা অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করল তারা।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৮তম অবস্থানে থাকা স্পেনের এই রূপকথার যাত্রা হুট করে শুরু হয়নি। আইল অব ম্যানের বিপক্ষে জয়ের মাধ্যমে শুরু হওয়া এই অবিরাম জয়যাত্রায় একে একে কাটা পড়েছে জার্সি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, গ্রিস ও ফিনল্যান্ডের মতো দলগুলো। অবিশ্বাস্য ব্যাপার হলো, গত তিন বছর ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে একটি ম্যাচও হারেনি তারা। 

২০২৪ সালে টানা ১৪ ম্যাচ জিতে নিজেদের প্রথম বড় শক্তির জানান দিয়েছিল স্পেন। এরপর ২০২৫ সালে আরও ছয়টি জয় তুলে নিয়ে তারা স্পর্শ করে ফেলেছিল অস্ট্রেলিয়ার ২০ ম্যাচের সেই পুরোনো রেকর্ড। অবশেষে ২০২৬ সালের প্রথম ম্যাচেই ফিনল্যান্ডকে হারিয়ে অজিদের পেছনে ফেলে সিংহাসন নিজেদের করে নেয় দলটি।

স্পেনের এই সাফল্যের গল্পটি আরও বেশি তাৎপর্যপূর্ণ তাদের সীমিত আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা বিবেচনা করলে। ২০১৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তারা মাত্র ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। যার মধ্যে অবিশ্বাস্যভাবে ৪১টিতেই জয় তুলে নিয়েছে তারা, বিপরীতে পরাজয়ের রেকর্ড রয়েছে মোটে ৮টিতে। 

ফিনল্যান্ড বধের মাধ্যমে কেবল রেকর্ডই গড়া হয়নি, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের পথেও নিজেদের অবস্থানকে এক অন্য উচ্চতায় নিয়ে গেল অপ্রতিরোধ্য স্পেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর