ডারউইনের মারারা স্টেডিয়ামে গত তিন দিনে অনেক অচেনা দৃশ্যই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের কাছে ব্যাটে-বলে দুই বিভাগেই অস্ট্রেলিয়ার নাস্তানাবুদ হওয়া, টাইগারদের দাপুটে পারফর্ম্যান্সে হতাশ হয়ে অজি ক্রিকেটারদের মেজাজ হারানো, স্টিভ স্মিথের মত অভিজ্ঞ ফিল্ডারের সহজ ক্যাচ মিস করা- এমন অনেক দৃশ্যের দেখাই মিলেছে। তবে আজ তৃতীয় দিনে ট্রাভিস হেড যে দৃশ্যের অবতারণা করেছেন তা আর কখনো হয়নি।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তখন ১১তম ওভার। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে করা দ্বিতীয় বলটি টেনে স্টাম্পে এনে বোল্ড হন হেড। প্রথম ইনিংসেও হাসানের বলেই বোল্ড হয়েছিলেন অজি এই ওপেনার। এবারও তাঁর বলেই অনেকটা একই রকম ভাবে আউট হয়ে যেনো প্রথমে মানতেই পারছিলেন না হেড। বোল্ড হয়ে শুরুতে কিছুক্ষণ মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকলেও এরপরই অবাক করা এক কাণ্ড করলেন অজ এই ওপেনার।
স্টাম্পের দিকে ঘুরে নিচে পড়ে থাকা বেলসটি তুলে আবারও স্টাম্পের মাথার ওপর বসালেন। স্টাম্প ঠিক করে তারপর হাঁটা ধরলেন ড্রেসিংরুমের পথে। আউট হওয়ার পর তা মানতে না পেরে এর আগে অনেক ক্রিকেটারই হতাশা বাঁ ক্ষোভে অনেক রকভাবেই আবেগ প্রকাশ করেন। কেউ স্টাম্প ভেঙে ফেলেন, কেউ ব্যাত দিয়ে স্টাম্পে আঘাত করেন- কিন্তু হেড যা করেছেন- এমন দৃশ্য এর আগে দেখেনি কেউ।

এমন দৃশ্যে নিজের ক্রিকেট ক্যারিয়ারে কখনো দেখেননি অ্যাডাম গিলক্রিস্টও। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে তাই সাবেক এই অজি ব্যাটারকে তখন বলতে শোনা যায়, ‘অবিশ্বাস্য দৃশ্য! আমার ক্রিকেট ক্যারিয়ারে কখনো এমন দেখিনি। একজন ব্যাটসম্যান এতটাই হতাশ যে সে নিজেই ভেঙে পড়া স্টাম্প আবার ঠিক করল!’
আরেক সাবেক ওপেনার মার্ক ওয়াহও জানালেন, এমব ঘটনা সচরাচর দেখা যায় না। তিনি বলেন, ‘অধিকাংশ ব্যাটসম্যান আউট হয়ে ক্ষোভে স্টাম্প ভেঙে ফেলেন, কিন্তু সে উল্টো নিজের হাতে বেলস তুলে বসাল!’




