ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ)। একই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের স্বত্ত্ব বিক্রির বিতর্কিত উদ্যোগ নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি তিনটি প্রভাবশালী কনফেডারেশন- ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ার এএফসি - ইনফান্তিনোর বিরুদ্ধে এক যৌথ খোলা চিঠি পাঠায়। সেখানে তাঁর বিরুদ্ধে প্রাতারণা ও বিশ্বাস ভঙ্গের গুরুতর অভিযোগ তোলা হয়। আগামী বছর মার্চে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগেই এই সুইস কর্তার পদত্যাগ চান তাঁরা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার নিউজিল্যান্ড ফুটবল আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, "গভীরভাবে পর্যালোচনার পর নিউজিল্যান্ড ফুটবল মনে করছে যে, ফিফার সাম্প্রতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আন্তর্জাতিক ফুটবলে চরম অবিশ্বাস ও বিভাজন তৈরি করেছে। ফুটবল প্রশাসনের ওপর বিশ্বাস ফিরিয়ে আনতে একটি স্বাধীন পর্যালোচনার প্রয়োজন।"
নিউজিল্যান্ড ফুটবল আরও যোগ করে, "বিশ্ব ফুটবলের প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে এটি সব সদস্য দেশের জন্যই সোচ্চার হওয়ার একটি উপযুক্ত সুযোগ।"
আঞ্চলিক ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) বৈঠকের পর নিউজিল্যান্ড ফুটবল এই সিদ্ধান্ত জানায়। ওএফসি বিনিয়োগ পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইনফান্তিনোর পদত্যাগের সরাসরি কোনো দাবি জানায়নি। অন্যদিকে, ফিফা কর্তৃপক্ষ জিয়ান্নি ইনফান্তিনো ও ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থাকে ‘ক্ষুণ্ন করার চেষ্টা’ করা হচ্ছে বলে এসব অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।




