২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে ডারউইনের মারার স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়েই সাদা পোশাকে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে তানজিদ তামিম। আর নিজের দ্বিতীয় টেস্টকেই স্মরণীয় করে রাখলেন বাংলাদেশি এই ওপেনার।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডের দেখা পেয়েছে বাংলাদেশ। আর দলকে লিড এনে দেওয়ার পর অসামা্ন্য অবদান রেখেছেন তামিম। টাইগার এই ওপেনার মুমিনুল হকের সঙ্গে ১০২ রানের জুটি গড়ার পর নাজমুল শান্তর সঙ্গে গড়েন ৯৩ রানের জুটি। এই দুই জুটিতেই লিডের দেখা পায় বাংলাদেশ।
এদিকে দলকে লিড এনে দেওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি।
শুধু তাই নয় অজিদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস। তবে সাবেক এই ব্যাটার শতকের দেখা পেয়েছিলেন দেশের মাটিতে, ২০০৬ সালে, ফতুল্লায়।
এছাড়া তামিম কেবল দ্বিতীয় বাংলাদেশি ওপেনার হিসেবে বিদেশের মাটিতে সেঞ্চুরি করলেন। এর আগে ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয়।




