বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মেসি কেন মহান ও ইতিহাসের সেরা, আবারও দেখিয়ে দিল: কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

মেসি কেন মহান ও ইতিহাসের সেরা, আবারও দেখিয়ে দিল: কাসেমিরো

ব্যক্তিগত জীবনের কঠিন শোকও থামাতে পারেনি লিওনেল মেসির পেশাদারিত্ব। বাবাকে হারানোর শোক বুকে নিয়েই দলের প্রয়োজনে মাঠে ফেরায় আর্জেন্টাইন তারকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ইন্টার মিয়ামির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তার চোখে, এমন দায়বদ্ধতাই মেসিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরার মর্যাদা দিয়েছে।

পিতৃবিয়োগের পরও লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে ছিলেন লিওনেল মেসি। মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচে তার উপস্থিতি সতীর্থদেরও আবেগী করে তোলে। মেসির এমন মানসিকতা ও দলের প্রতি দায়িত্ববোধে মুগ্ধ কাসেমিরো।

ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাসেমিরো বলেন, মেসি কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও দল ও ক্লাবের প্রতি যে দায়িত্ব দেখিয়েছেন, তা সত্যিই অসাধারণ। তার মতে, মেসির এমন পেশাদারিত্ব খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়।

কাসেমিরো বলেন, মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া তাদের আর কিছু করার নেই। দলের প্রয়োজনে এমন কঠিন সময়েও পাশে থাকার জন্য আর্জেন্টাইন তারকাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মেসি ও তার পরিবারের জন্য ভালোবাসা ও শক্তি কামনা করেন ব্রাজিলিয়ান এই তারকা।

মেসির উপস্থিতি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেন কাসেমিরো। তার মতে, মেসি শুধু মাঠের একজন তারকা নন, দলের জন্য তার মানসিক উপস্থিতিও অনেক বড় অনুপ্রেরণা। ব্যক্তিগত জীবনে কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা মেসিই সবচেয়ে ভালো জানেন। এরপরও সতীর্থ ও ক্লাবের জন্য তার মাঠে আসাকে কাসেমিরো দেখছেন অসাধারণ এক অঙ্গীকার হিসেবে।

মেসিকে ড্রেসিংরুমে দেখে ভালো লাগলেও তার এই সিদ্ধান্তে নিজের বিস্ময়ের কথাও জানান কাসেমিরো। তিনি বলেন, মেসির প্রতিশ্রুতিবদ্ধতা তাকে সত্যিই অবাক করেছে। এমন কঠিন পরিস্থিতিতেও দায়িত্ব পালন করার মানসিকতাই দেখিয়ে দেয় কেন মেসি এত বড় খেলোয়াড় এবং কেন তিনি বারবার নিজেকে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে প্রমাণ করেছেন।

তবে মেসির উপস্থিতি শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিকে লিগস কাপের পরের ধাপে নিতে পারেনি। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে লিওনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মিয়ামি।

দলের রক্ষণ নিয়ে হতাশা প্রকাশ করে কাসেমিরো বলেন, তাদের আরও উন্নতি করতে হবে। তবে শুধু ডিফেন্ডারদের দায়ী করলে হবে না। ফুটবলে আক্রমণ ও রক্ষণ—দুটিই পুরো দলকে একসঙ্গে সামলাতে হয়। তাই দল হিসেবে সবাইকে আরও সংগঠিত হয়ে খেলতে হবে বলে মনে করেন তিনি।

ইন্টার মিয়ামির লক্ষ্য যে সবসময় বড়, সেটিও স্পষ্ট করেন কাসেমিরো। তার মতে, এই ক্লাবে যারা খেলতে আসেন, সবার মধ্যেই জয়ের মানসিকতা থাকে। ফলে কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া স্বাভাবিকভাবেই কষ্টের। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে লিগে আরও ভালো করার লক্ষ্য নিয়েই এগোতে হবে মিয়ামিকে।

কাসেমিরোর কথায়, ইন্টার মিয়ামি বড় স্বপ্ন দেখে বলেই বিশ্বের তারকা ফুটবলাররা এখানে খেলতে আগ্রহী হন। এখন সেই উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখতে হলে দলকে মাঠের পারফরম্যান্সেও তার প্রতিফলন ঘটাতে হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর