বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নেদারল্যান্ডসের কোচ হলেন স্পেনের কিংবদন্তী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

শেয়ার করুন:

নেদারল্যান্ডসের কোচ হলেন স্পেনের কিংবদন্তী

রোনাল্ড কোম্যানের পদত্যাগের পর নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন এক বড় সিদ্ধান্ত নিয়েছে। বার্সেলোনার প্রবাদপ্রতিম ফুটবলার ও সাবেক কোচ জাভি হার্নান্দেজকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। ৪৬ বছর বয়সী জাভি গত দুই বছর কোচিংয়ের বাইরে ছিলেন। ২০২৪ সালে বার্সেলোনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এবারই প্রথম তিনি নতুন কোনো দলের হাল ধরলেন।

জাভি নেদারল্যান্ডসের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। ২০২৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি ডাচ দলকে পরিচালনা করবেন।

নিয়োগের পর জাভি বলেন, “নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হওয়া আমার জন্য বিশাল সম্মান। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠার কারণে ইয়োহান ক্রুইফ ও রিনুস মিশেলসের ফুটবল দর্শন আমার ভেতর গভীরভাবে বদ্ধমূল। সে কারণেই ডাচ ফুটবলের সঙ্গে আমার এক বিশেষ যোগসূত্র রয়েছে।”

তিনি আরও বলেন, “এক অর্থে আমি নেদারল্যান্ডসের ফুটবলেরই সন্তান। লুই ফন গালের অধীনে বার্সেলোনায় আমার অভিষেক হয়েছিল। ফ্রাঙ্ক রাইকার্ডও খেলোয়াড় ও কোচ হিসেবে আমার গড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

মজার বিষয় হলো, বার্সেলোনাতেও কোম্যানের স্থলাভিষিক্ত হয়েছিলেন জাভি। ২০২১ সালে ন্যু ক্যাম্পের দায়িত্ব নিয়ে পরের মৌসুমেই তিনি দলকে চার বছর পর লা লিগা শিরোপা এনে দিয়েছিলেন।

এবার নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার সময় দলটি সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রত্যাশার তুলনায় হতাশাজনক ফল করেছে। শেষ ৩২ পর্বে মরক্কোর কাছে হেরেই বিদায় নিতে হয় তাদের।

ডাচ ফুটবলের সংস্কৃতি ও দর্শনের প্রশংসা করে জাভি বলেন, “নেদারল্যান্ডসের সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য এবং স্পষ্ট এক দর্শন আমাকে খুব আকর্ষণ করে। বল দখল, সৃজনশীলতা, আবেগ ও আত্মবিশ্বাসের ভিত্তিতে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই আমরা। সবচেয়ে বড় লক্ষ্য অবশ্যই জয়। তবে এমনভাবে জিততে চাই, যাতে দলের খেলার ধরন ও দর্শন ফুটে ওঠে এবং দর্শকরা সেই ফুটবল উপভোগ করতে পারেন।”

তিনি আরও বলেন, “এখানে সেই সম্ভাবনা রয়েছে এবং শক্ত এক ভিত্তিও আছে, যার ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে পারি। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফেডারেশনের সবাইকে নিয়ে এই নতুন চ্যালেঞ্জ শুরু করতে আমি উদগ্রীব।”

খেলোয়াড় হিসেবে জাভি বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে বিপুল সাফল্য পেয়েছেন। ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরো জিতেছেন তিনি। কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালে কাতারের আল সাদ ক্লাবে। সেখানে সাতটি শিরোপা জয়ের পর পাঁচ বছর আগে কঠিন সময়ে বার্সেলোনায় ফিরে কোম্যানের উত্তরসূরি হন।

বার্সেলোনার মোড় ঘুরিয়ে ২০২২-২৩ মৌসুমে লা লিগা এবং ২০২৩ সালে স্প্যানিশ সুপার কাপ জেতান তিনি। তবে পরের মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় তাকে সরিয়ে হান্সি ফ্লিককে দায়িত্ব দেওয়া হয়।

এরপর বিভিন্ন ক্লাব ও জাতীয় দল থেকে প্রস্তাব এলেও তিনি কোনোটিতেই রাজি হননি। প্রথমে এক বছরের বিরতি নিতে চেয়েছিলেন। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন জাভি। এবার নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন বার্সেলোনার এই কিংবদন্তি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর