বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

সুপার কাপ জিতে রিয়ালের ইতিহাস ছুঁতে চান পিএসজির কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

সুপার কাপ জিতে রিয়ালের ইতিহাস ছুঁতে চান পিএসজির কোচ

ইউরোপীয় ফুটবলের মঞ্চে নতুন মৌসুমের প্রথম বড় লড়াই আজ রাত। বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রিয়ার সালজবুর্গে ইউরোপীয় সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট-জার্মেইন ও অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরাসি ক্লাবটি এবার ইংলিশ প্রতিপক্ষের বিরুদ্ধে মৌসুমের প্রথম ট্রফি জয়ের সুযোগ পাচ্ছে।

কিন্তু পিএসজির কোচ লুইস এনরিকে শুধু এই ম্যাচের জয় নিয়ে ভাবছেন না। তিনি আরও বড় এক স্বপ্ন দেখছেন টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়। ফাইনালের আগের দিন তিনি স্পষ্ট করে বলেছেন, ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এই কৃতিত্ব শুধু রিয়াল মাদ্রিদের কাছেই আছে। জিনেদিন জিদানের অধীনে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ টানা তিনবার শিরোপা জিতেছিল। এনরিকে বলছেন, পিএসজি যদি সেই রেকর্ড ছুঁতে পারে, তাহলে তা হবে অন্য পর্যায়ের সাফল্য।

কোচ আরও জানিয়েছেন, আগের ট্রফিগুলো দলের ক্ষুধা একটুও কমায়নি। তার তিন মৌসুমেই পিএসজি ইতিমধ্যে ডজনখানেক শিরোপা তুলেছে। এখন তিনি চান দল যেন আরও উচ্চতর লক্ষ্যে পৌঁছায়। তার মতে, ইউরোপে এ মুহূর্তে পিএসজির চেয়ে বেশি অনুপ্রাণিত কোনো দল নেই।

তবে প্রস্তুতি এবার একটু ভিন্ন। বিশ্বকাপের কারণে খেলোয়াড়দের ফিরে আসার সময়সূচি বদলে গেছে। কেউ কেউ মাত্র সোমবার অনুশীলনে যোগ দিয়েছেন, কেউ গত সপ্তাহে। এনরিকে স্বীকার করেছেন, দল একসঙ্গে কাজ করার সময় খুব কম পেয়েছে। তাই খেলোয়াড়দের শারীরিক অবস্থা ঠিক কেমন থাকবে, সে বিষয়ে তিনি এখনো পুরোপুরি নিশ্চিত নন।

তবুও সুপার কাপকে তিনি পুরো মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। তার লক্ষ্য শুধু প্রথম ম্যাচে সেরা ছন্দে থাকা নয়, বরং পুরো সিজনজুড়ে দলকে শীর্ষ পর্যায়ে রাখা। অ্যাস্টন ভিলা ইউরোপা লিগ জয়ী হিসেবে এই ফাইনালে খেলছে, আর পিএসজি টানা দ্বিতীয়বার সুপার কাপে অংশ নিচ্ছে। জটিলতা থাকলেও এনরিকে এই ম্যাচকে নতুন মৌসুমের শুরু হিসেবে গুরুত্ব দিচ্ছেন এবং আরেকটি ট্রফি দিয়ে যাত্রা শুরু করতে চান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর