বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

জার্মানিতে পাড়ি জমালেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম

শেয়ার করুন:

জার্মানিতে পাড়ি জমালেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

বুন্দেসলিগার শক্তিশালী দল বায়ার লেভারকুসেন এবার আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকে নিজেদের দলে নিয়ে এসেছে। ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই থেকে তাকে টেনে আনা হয়েছে পাঁচ বছরের চুক্তিতে। ২৭ বছর বয়সী এই রক্ষণভাগের খেলোয়াড় ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত জার্মান ক্লাবের হয়ে খেলবেন।

ট্রান্সফারের মোট খরচ দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন ইউরো। এর মধ্যে ২৩ মিলিয়ন ইউরো সরাসরি ট্রান্সফার ফি হিসেবে মার্সেইকে দেওয়া হয়েছে। বাকি ২ মিলিয়ন ইউরো আসবে মেদিনার পারফরম্যান্সের ওপর নির্ভর করে। লেভারকুসেনে তিনি ২ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন।

নতুন ক্লাবে যোগ দিয়ে মেদিনা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনে আসতে পেরে আমি খুবই খুশি। উত্তর আমেরিকার বিশ্বকাপের সময় এজেকিয়েল পালাসিওস আমাকে এই ক্লাবের কথা অনেক বলেছেন। তিনি লেভারকুসেন নিয়ে খুব ভালো মতামত দিয়েছেন।”

গত বছর মার্সেইয়ের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচ খেলেছেন মেদিনা। সেই ভালো পারফরম্যান্সের জেরেই লিওনেল স্কালোনি তাকে ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে জায়গা দিয়েছিলেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে তিনি চার ম্যাচে খেলেছেন। ফাইনালেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তবে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনা রানার্সআপ হয়।

মার্সেইতে আসার আগে তিনি ফরাসি আরেক ক্লাব লেন্সে খেলেছেন। সেখানে ১৬৫ ম্যাচে মাঠে নেমে নিজেকে ফরাসি ফুটবলের পরিচিত মুখ করে তুলেছিলেন। ২০২২-২৩ মৌসুমে লেন্সকে লিগ ওয়ানের রানার্সআপ হতেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।

লেভারকুসেনের স্পোর্টিং ডিরেক্টর সিমন রলফেস মেদিনাকে দলে পেয়ে খুশি। তিনি বলেন, “ফাকুন্দো মেদিনার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে পেয়ে আমরা আনন্দিত। তার দক্ষতা ও শক্ত মানসিকতার কারণে তিনি শুরু থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবেন।”

নতুন কোচ কার্লেস মার্তিনেসের নেতৃত্বে লেভারকুসেন ২২ আগস্ট জার্মান কাপের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে। এরপর ২৯ আগস্ট এলভার্সবার্গের মাঠে লিগের প্রথম ম্যাচ খেলবে তারা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর