মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ফিটনেস পরীক্ষায় পাস শরিফুল, যাচ্ছেন অস্ট্রেলিয়ায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

ফিটনেস পরীক্ষায় পাশ শরিফুল, যাচ্ছেন অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলে স্বস্তির বার্তা এসেছে। ফিটনেস টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন শরিফুল। চোটের কারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না তাঁর। তবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় দ্রুতই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং দ্বিতীয় টেস্ট থেকে তাঁকে পাওয়া যাবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, "চোট থেকে সেরে ওঠার পর শরিফুল ফিটনেস টেস্টে পাস করেছে এবং সে এখন খেলার জন্য প্রস্তুত।"

অন্যদিকে প্রথম টেস্টের আগে দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের পুনর্বাসনের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ আশিকুর রহমান। ডারউইনে মঙ্গলবার দলের অনুশীলন সেশনে লিটন স্লিপে ক্যাচিং ও উইকেটকিপিং অনুশীলনে অংশ নেন।

অনুশীলন শেষে ফিল্ডিং কোচ আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, "আপনারা দেখেছেন লিটন স্লিপে ক্যাচ ধরেছে এবং কিপিং করেছে, তাঁর মুভমেন্ট খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ।" মঙ্গলবার ব্যাটিং অনুশীলনে না থাকলেও ফুটবল ও ফিল্ডিং সেশনে পুরো সময় সক্রিয় ছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

সুযোগ কাজে লাগানো ও ফিল্ডিংয়ে মনোযোগের গুরুত্ব তুলে ধরে আশিকুর রহমান আরও বলেন, "টেস্ট ক্রিকেটে বড় বিষয় হলো মনোযোগ ধরে রাখা। বড় দৈর্ঘ্যের ম্যাচে হঠাৎ একটি সুযোগ আসে, আর সেই সুযোগটিকেই কামে লাগাতে হয়। আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে টেস্টের লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর