মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

মাঠে ফাউলের নাটক শেখাতে নেইমারকে বেছে নিলেন হলিউড সুপারস্টার ব্র্যাড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

মাঠে ফাউলের নাটক শেখাতে নেইমারকে বেছে নিলেন হলিউড সুপারস্টার ব্র্যাড

রুপালি পর্দায় নিখুঁত অভিনয়ের জন্য তার বিশ্বজোড়া খ্যাতি। কিন্তু ফুটবল মাঠে খেলোয়াড়দের ফাউল আদায়ের জন্য করা ‘ওভারঅ্যাক্টিং’ বা চোটের ভান দেখে রীতিমতো বিরক্ত হলিউড সুপারস্টার ব্র্যাড পিট। ফুটবলারদের এই কৃত্রিম যন্ত্রণার অভিনয় তার কাছে এতটাই হাস্যকর ও মানহীন মনে হয়েছে যে, তাদেরকে নিখুঁত অভিনয় শেখানোর জন্য একটি স্কুল খোলার মজার প্রস্তাব দিয়েছেন এই তারকা। আর সেই স্কুলের উদ্বোধনী ব্যাচের প্রথম ছাত্র হিসেবে তিনি বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকে!

সম্প্রতি বিখ্যাত সাময়িকী ‘এসকোয়ার’-এর জন্য সাংবাদিক রায়ানের মুখোমুখি হয়েছিলেন ব্র্যাড পিট। সাক্ষাৎকার চলার ফাঁকে তারা দুজনে মিলে জার্মানি ও প্যারাগুয়ের মধ্যকার একটি বিশ্বকাপ ম্যাচ উপভোগ করছিলেন। টানটান উত্তেজনার সেই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে দেয় প্যারাগুয়ে। তবে ম্যাচের শ্বাসরুদ্ধকর ফলাফলের চেয়ে হলিউড অভিনেতার নজর কেড়েছিল ভিন্ন একটি বিষয়।

খেলা চলাকালীন প্যারাগুয়ের এক ফুটবলার ফাউলের শিকার হয়ে মাটিতে পড়ে এমনভাবে ব্যথায় কাতরাতে থাকেন, যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল পুরোটাই তার নাটক। ওই খেলোয়াড়ের এমন অতিরঞ্জিত অভিব্যক্তি দেখেই রসিকতা করে বসেন পিট। তিনি মন্তব্য করেন, ‘ফাউল আদায়ের জন্য এরা এতই জঘন্য অভিনয় করে যে, তাদের জন্য আলাদা করে অভিনয়ের ক্লাস নেওয়া জরুরি হয়ে পড়েছে।’ বিষয়টিকে নিজের দেখা অন্যতম বাজে পারফরম্যান্স বলেও আখ্যায়িত করেন তিনি।

ফাউল আদায় করা যে ফুটবলেরই একটা কৌশল, তা ভালো করেই জানেন পিট। তবে খেলোয়াড়দের যে এই কৌশল বাস্তবায়নে অভিনয়ে আরও দক্ষ হওয়া প্রয়োজন, সে কথাই মজা করে বলেন তিনি। ‘আমার দেখা সবচেয়ে বাজে পারফর্ম্যান্সগুলোর একটি ছিল এটা। আমি জানি ফাউল আদায় করা খেলার একটি কৌশল বা চালাকি; কিন্তু ভাই, ওদের সত্যি অনেক সাহায্যের দরকার। আর আমি নেইমারকে দিয়ে শুরু করতে চাই। মাঠে ওর নাচানাচি আর মুভমেন্ট নাচের মতো চমৎকার হলেও, ভান করার ক্ষেত্রে ওর মারাত্মক সাহায্যের দরকার!’

দর্শকদের কাছে কীভাবে ফাউলের দৃশ্যটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়, কীভাবে পরিমিত ও নিখুঁতভাবে মিথ্যা যন্ত্রণার প্রকাশ ঘটাতে হয়, সে বিষয়ে নেইমারকে সাহায্য করতে একটি ‘পূর্ণাঙ্গ ট্রেনিং প্রোগ্রাম’ তার হাতে আছে বলেও মজার ছলে উল্লেখ করেন এই খ্যাতিমান অভিনেতা।

‘আমি ওকে দেখাব কীভাবে দৃশ্যটি দর্শকের কাছে সত্যি হিসেবে বিক্রি করতে হয়, কীভাবে সূক্ষ্মভাবে করতে হয় এবং ফ্রিকোয়েন্সি যেন মাত্রাতিরিক্ত না হয়, যাতে তা আসল মনে হয়। এর জন্য আমার কাছে একটি পূর্ণাঙ্গ ট্রেনিং প্রোগ্রাম আছে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর