সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

রোনালদোর বিয়ের গুজবে শত শত মানুষের ভিড়, কী ঘটেছে আসলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

রোনালদোর বিয়ের গুজবে শত শত মানুষের ভিড়, কী ঘটছে আসলে

ফুটবলের জাদুকর ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম শুনলেই কোটি কোটি ভক্তের হৃদয় কেঁপে ওঠে। তাঁর এক ঝলক দেখার জন্য মানুষ যেকোনো দূরত্ব পেরিয়ে যেতে রাজি। সম্প্রতি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথেড্রালে ঠিক তেমনই এক দৃশ্য তৈরি হয়েছিল। গুজব ছড়িয়ে পড়েছিল রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে হচ্ছে! ক্যামেরা হাতে, উত্তেজনায় ভরা ভক্তরা রাস্তায় ভিড় জমালেন। কিন্তু বাস্তবতা পুরোপুরি অন্যরকম। সেদিন সেখানে বিয়ে হয়েছিল সাধারণ এক দম্পতির নিকোল ও ফাবিওর।

শনিবার বিকেলে ফুনশাল ক্যাথেড্রালের সামনে অসংখ্য মানুষ জড়ো হন। অনেকেই ভাবছিলেন, পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে বরের পোশাকে দেখতে পাবেন। নিকোল যখন গির্জার দিকে এগোচ্ছিলেন, তখন রাস্তার দুই পাশ ভরে গিয়েছিল কৌতূহলী দর্শক ও সাংবাদিকদের ভিড়ে। ভিড় এতটাই বেড়েছিল যে নিকোলের গির্জায় ঢোকাই কঠিন হয়ে পড়ে।

পরে গির্জা কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে স্পষ্ট করে জানায়, সেদিনের বিয়ে সম্পূর্ণ অন্য দম্পতির। তাঁরা লেখেন, “রোনালদোর নামে ছড়ানো গুজবের কারণে ক্যাথেড্রালের বাইরে অনেক সাংবাদিক ও পর্যটকের সমাগম ঘটেছিল।”

স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা মজার মজার মন্তব্য করেন। এক অতিথি হাসিঠাট্টা করে বলেন, “মজার ব্যাপার হলো, মানুষ ভাবছে রোনালদো আজ বিয়ে করছেন। অথচ কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থাই নেই!” রোনালদো নিজেও বিষয়টি উপভোগ করেছেন। মাদেইরা জার্নালের ইনস্টাগ্রাম পোস্টে তিনি হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

এর আগেও রোনালদো-জর্জিনার বিয়ের গুজব ছড়িয়েছিল। কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে একটি আমন্ত্রণপত্রের ছবি ভাইরাল হয়। তাতে লেখা ছিল, ১ আগস্ট পর্তুগালের সিন্ত্রা শহরের কিন্তা দা রেগালেইরা প্রাসাদে বিয়ে হবে এবং অতিথিদের কালো পোশাক পরতে বলা হয়েছে। তবে খুব দ্রুতই বিভিন্ন প্রতিবেদনে জানানো হয় যে ওই তারিখে কোনো বিয়ে হচ্ছে না। স্প্যানিশ সংবাদমাধ্যমও খবরটিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে গুজব অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রিও ফার্দিনান্দ, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়রের মতো ফুটবল তারকাদের পাশাপাশি ভিন ডিজেল, রিহানা, জেনিফার লোপেজ, ড্রেক ও ট্র্যাভিস স্কটের মতো সেলিব্রিটিরা। এমনকি কেউ কেউ দাবি করছেন, লিওনেল মেসির নামও আমন্ত্রিতদের তালিকায় রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর