২০২৭ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়াদের ওপর কোনো অতিরিক্ত চাপ থাকবে না বলে বিশ্বাস করেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাদা। জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা।
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিটি ফরম্যাটেই দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে প্রোটিয়ারা। গত বছর (২০২৫ সালে) লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
জোহানেসবার্গে অনুষ্ঠিত সিডব্লিউসি ২০২৭-এর অফিশিয়াল ভেন্যু ও ব্র্যান্ড উন্মোচন অনুষ্ঠানে রাবাদা জানান, ঘরের মাঠে খেলার বিষয়টি তাঁদের কাছে চাপের বদলে স্বাধীনতার মতো। তিনি বলেন, "ঘরের মাঠে খেলা মানে এই নয় যে জেতার জন্য আমাদের ওপর বাড়তি চাপ থাকবে। এটা আমাদের দুর্গের মতো, যা আমরা রক্ষা করব। নিজের দেশের প্রতিনিধিত্ব করাই আসল কথা।"
১৯৯২ সালে জন্মগ্রহণের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াসিম আকরামের সেই ঐতিহাসিক স্পেলের কথা স্মরণ করে রাবাদা জানান, সেটিই তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় অনুপ্রেরণা। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ের ম্যাচে ওয়াসিম আকরাম ৪৯ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন।
রাবাদা আশা প্রকাশ করেন, ২০২৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনিও তেমন একটি ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিতে চান। তিনি আরও যোগ করেন, ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর দল হিসেবে যে বিশ্বাস অর্জন করেছেন, তা তাঁদের বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্নপূরণে সাহায্য করবে।




