দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল টানা তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার বা বাছাইপর্ব খেলার শঙ্কায় পড়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের সাম্প্রতিক ওয়ানডে জয়ের পর বদলে গেছে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া ক্যারিবিয়ানদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার সমীকরণ। এর সাথে জটিল হয়ে উঠেছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার ভাগ্যও।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। বাকিদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে ৮টি দল সরাসরি টিকিট পাবে। নিয়ম অনুযায়ী, দুই আয়োজক দেশের মধ্যে অন্তত একটি দেশ যদি র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকে, তবে র্যাঙ্কিংয়ের ৯ম স্থানে থাকা দলটি সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সেরা আটের মধ্যে থাকায় ৯ম স্থানটি সরাসরি মূল পর্বে যাওয়ার জন্য উন্মুক্ত রয়েছে।
বর্তমানে ৮০ আইসিসি রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১০ম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে রয়েছে বাংলাদেশ এবং ৯০ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আফগানিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে সরাসরি মূল পর্ব নিশ্চিত করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে অন্তত ৯ম স্থানে উঠে আসতে হবে। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতের বিপক্ষে তাদের মাত্র দুটি ওয়ানডে ম্যাচ বাকি রয়েছে।
ভারতের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৮২, যা বাংলাদেশের বর্তমান ৮৩ পয়েন্টের চেয়ে কম। আগামী ৩০ সেপ্টেম্বরের আগে বাংলাদেশ কোনো ওয়ানডে না খেলায় তাদের রেটিং পয়েন্ট কমার কোনো ঝুঁকি ছিল না। তবে সেপ্টেম্বর মাসের ১ থেকে ১৩ তারিখের মধ্যে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তাবিত ওয়ানডে সিরিজটি যদি শেষ পর্যন্ত মাঠে গড়ায় এবং লিটন দাসের দল পরাজিত হয়, তবে বাংলাদেশের পয়েন্ট কমে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।
বাংলাদেশ বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও এখনই স্বস্তিতে থাকার সুযোগ নেই। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর ফলের ওপরই নির্ভর করছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সরাসরি মূল পর্বে খেলার চূড়ান্ত সমীকরণ।




