রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মেসির বাবার স্মরণে দে পলের আবেগঘন উদযাপন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

মেসির বাবার স্মরণে দে পলের আবেগঘন উদযাপন

বাবা হোর্হে মেসির প্রয়াণে লিওনেল মেসি যখন জন্মশহর রোসারিওতে, তখন ঘরের মাঠে এক আবেগঘন রাত প্রত্যক্ষ করল ইন্টার মায়ামি। শনিবার রাতে লিগস কাপের ম্যাচে মন্টেরির বিপক্ষে গোল করে অনুপস্থিত অধিনায়ক ও প্রিয় বন্ধুকে এক অনন্য সম্মান জানান আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল।

ম্যাচ শুরুর আগেই ৬৮ বছর বয়সে মারা যাওয়া হোর্হে মেসির স্মরণে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। গ্যালারিতে উপস্থিত সমর্থকরাও বিভিন্ন ব্যানার উঁচিয়ে মেসির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এরপর ম্যাচের ৩২তম মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে ইন্টার মায়ামিকে এগিয়ে নেন দে পল। গোল করার পরপরই তিনি নিজের গায়ের জার্সি খুলে ফেলেন, যার নিচে পরা ছিল মেসির আইকনিক ১০ নম্বর জার্সি। সেটি উঁচিয়ে ধরে দূর থেকে জাতীয় দল ও ক্লাবের অধিনায়কের পাশে থাকার বার্তা জানান তিনি। যদিও নিয়ম অনুযায়ী জার্সি খোলার কারণে তাঁকে হলুদ কার্ড দেখতে হয়, তবে ফুটবলপ্রেমীদের মন জয় করে নেয় তাঁর এই বন্ধুত্বের নিদর্শন।

ম্যাচ শুরুর আগে মায়ামি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, "আমাদের হৃদয় আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সাথে রয়েছে।"

বাবার শেষকৃত্যে যোগ দিতে মেসি আর্জেন্টিনায় থাকায় এই ম্যাচে খেলা হয়নি তাঁর। তবে দে পলের দর্শনীয় গোলে মায়ামি প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি। দ্বিতীয় অর্ধে হ্যুগো কাইপার্স এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দিয়েগো রসির গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকান ক্লাব মন্টেরি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর