রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক উত্তেজনার কারণে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে নির্ধারিত সাদা বলের (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) সিরিজ আয়োজন নিয়ে ঘোর অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ মুহূর্ত পর্যন্ত আশার আলো দেখলেও বর্তমান প্রেক্ষাপটে সিরিজটি মাঠে গড়ানো কেবলই একটি দূরবর্তী স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিসিবি কর্মকর্তারা পরিস্থিতি ভালো হওয়ার আশায় থাকলেও গত ৫ আগস্ট দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়ার পর পরিস্থিতি নতুন রূপ নেয়। গতকাল শনিবার (৮ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় জানান, দিল্লিতে শেখ হাসিনাকে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টকারী বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করা সম্ভব নয়। বিসিবি সূত্রগুলো নিশ্চিত করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কড়া বক্তব্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসন্তোষের পর ক্রিকেট সিরিজটি আয়োজনের আশা বলতে গেলে শেষ হয়ে গেছে।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্দেশে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল দল, যা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরায়। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর সেই দূরত্ব কমানোর উদ্যোগ নেওয়া হয়। নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল ভারতের মতো শক্তিশালী ও বাণিজ্যিক দিক থেকে লাভজনক ক্রিকেট পরাশক্তিকে আতিথেয়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছিলেন।

তবে সাম্প্রতিক রাজৈনতিক উত্তেজনায় বিসিবির সেই চেষ্টা ভেস্তে যাওয়ার পথে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, "সাম্প্রতিক ঘটনার পর এখন এই সিরিজ হওয়া নিয়ে আমি প্রবল সংশয়ে আছি। অন্য পাশ (বিসিসিআই) থেকে আমরা কোনো ইতিবাচক সাড়া পাব বলে মনে হয় না। সত্যি বলতে, আগামী ২৮ আগস্টের মধ্যে সব নিশ্চিত হওয়ার কথা ছিল, কিন্তু সময় তো হাতে নেই বললেই চলে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা আমাদের সেরা চেষ্টাটা চালিয়েছি, কিন্তু এই পরিস্থিতি এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই।"

আনুষ্ঠানিকভাবে সফরটি বাতিল ঘোষণা না হওয়া পর্যন্ত বিসিবি কেবল অপেক্ষাই করে যাচ্ছে, তবে বাস্তবে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর আলোর মুখ দেখার সম্ভাবনা ক্ষীণ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর