শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

স্কালোনির ভবিষ্যৎ প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন ফেডারেশনের সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

স্কালোনির ভবিষ্যৎ প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন ফেডারেশনের সভাপতি

২০২৬ ফিফা বিশ্বকাপের রানার্স-আপ হওয়ার পর লিওনেল স্কালোনির আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকা নিয়ে গুঞ্জন দেখা দিলেও, তাঁর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বজয়ী এই কোচের চুক্তি বাড়ানোই তাঁদের একমাত্র লক্ষ্য এবং বিকল্প কোনো কোচের কথা ভাবছে না এএফএ।

সম্প্রতি স্পোর্টস চ্যানেল টিওয়াইসি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া জানান, তিনি আশা করছেন ৪৮ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলেই থাকবেন।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ক্লাউদিও তাপিয়া বলেন, "আমি 'গ্রিঙ্গো'কে (স্কালোনির ডাকনাম) অনেক ভালোবাসি। এখানে এসে অনেক কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে। আমরা সবাই চাই তিনি দায়িত্বে থাকুন। আমাদের আলোচনা বেশ দূর এগিয়েছে।"

তিনি আরও যোগ করেন, "স্কালোনিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। পদত্যাগের পর সবারই কিছুটা বিরতি বা ভাবনার সময়ের প্রয়োজন হয়। তবে আমার পরিকল্পনা এ, বি এবং সি- সবই স্কালোনিকে ঘিরে। আর্জেন্টিনা দলকে যেভাবে তিনি এক সুতোয় বেঁধেছেন এবং দেশের মানুষকে যে আনন্দ এনে দিয়েছেন, তার কোনো তুলনা হয় না।"

২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা তাদের ফুটবলের অন্যতম সোনালী সময় পার করেছে। তাঁর অধীনে আলবিসেলেস্তেরা ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের টানা দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা ট্রফি জয় করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা প্রকাশ করেছিলেন স্কালোনি।

চলতি বছরের ডিসেম্বরে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে, যার আগেই তাঁর সাথে আলোচনা চূড়ান্ত করার ব্যাপারে আশাবাদী এএফএ প্রধান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর