রিয়াল মাদ্রিদের আগ্রহকে পেছনে ফেলে ব্যালনের ডি'অর জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে বড় পদক্ষেপ নিয়েছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির সাথে দলবদলের আলোচনার আনুষ্ঠানিক অনুমতি বার্সাকে দিয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা।
চলতি বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করে সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' জেতেন রদ্রি। বার্সেলোনা ক্লাবের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রদ্রির সবুজ সংকেত আলোচনার পথ খুললেও এই দলবদল চূড়ান্ত হওয়ার বিষয়ে এখনও নিশ্চয়তা আসেনি।
ক্যাটালান সংবাদমাধ্যমের তথ্যমতে, বার্সা ম্যানেজার হান্সি ফ্লিকের একটি ব্যক্তিগত ফোন কল রদ্রিকে এই সিদ্বান্ত নিতে উৎসাহিত করেছে। মাঝমাঠের মূল তারকা ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের হাঁটুর মারাত্মক চোটের কারণে বিকল্প হিসেবে একজন অভিজ্ঞ মিডফিল্ডার খুঁজছিলেন ফ্লিক।
ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মাত্র এক বছর বাকি থাকায় এই তারকাকে প্রায় ৬০ মিলিয়ন ইউরোতেই (৬৯ মিলিয়ন ডলার) ছেড়ে দিতে রাজি সিটিজেনরা। পেপ গুয়ার্দিওলার অধীনে ম্যান সিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জেতেন তিনি।
নতুন কোচ হোসে মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদও রদ্রিকে নেওয়ার পরিকল্পনা করছিল, তবে ফ্লিকের হস্তক্ষেপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এখন এই দৌড়ে অনেকটা এগিয়ে গেল। সম্প্রতি পিঠের ছোট একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া রদ্রির ফিটনেস অবশ্য নতুন মৌসুমে বার্সেলোনার জন্য একটি পর্যবেক্ষণের বিষয় থাকবে।




