বিশ্বকাপ ফুটবলে দলের ভরাডুবির পর উরুগুয়ে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে সাবেক তারকা স্ট্রাইকার দিয়াগো ফোরলানকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর কোচ মার্সেলো বিয়েলসা পদত্যাগ করলে বৃহস্পতিবার নতুন কোচ হিসেবে ৪৭ বছর বয়সী ফোরলানের নাম ঘোষণা করা হয়।
এক সংক্ষিপ্ত বার্তায় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, "অনূর্ধ্ব-২০ এবং জাতীয় দলের দায়িত্ব নিয়ে ঘরে ফিরছেন দিয়াগো ফোরলান।" আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিলেও চুক্তি বাড়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে। তিনি আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও মার্চ মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে দলের ডাগআউটে থাকবেন।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় এখন কঠিন সময় পার করছে। সৌদি আরব ও কেপ ভার্দের সাথে পরপর ড্র করে বিদায়ের শঙ্কায় পড়ে দলটি, এবং শেষ ম্যাচে চিলির বিপক্ষে পরাজয়ে তাদের বিদায় নিশ্চিত হয়। ভুল কৌশলের কারণে ৭১ বছর বয়সী বিদায়ী কোচ বিয়েলসার ওপর কড়া সমালোচনা তৈরি হয়েছিল।
খেলোয়াড় হিসেবে উজ্জ্বল ক্যারিয়ারের অধিকারী হলেও কোচ হিসেবে ফোরলানের অভিজ্ঞতা বেশ সীমিত। ২০২০ সালে নিজের পুরনো ক্লাব পেনারোলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করলেও ফল ভালো না হওয়ায় মাত্র ১১ ম্যাচ পরই দায়িত্ব ছাড়তে হয় তাঁকে। এরপর ২০২১ সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের দল আতেনাসের হয়ে ১২টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
তবে জাতীয় দলে ১১২ ম্যাচে ৩৬টি গোল করা ফোরলান উরুগুয়ের ফুটবল আকাশে এক উজ্জ্বল নাম। ২০১০ বিশ্বকাপে ৫টি গোল করে সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার 'গোল্ডেন বল' জেতেন তিনি। এ ছাড়া ২০১১ সালে উরুগুয়ের কোপা আমেরিকা জয়ের ক্ষেত্রেও লুইস সুয়ারেজের সাথে তাঁর জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ক্লাব ফুটবলে ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা এই তারকা ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতেও খেলেছেন।




