শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

৬ বছরের নতুন চুক্তি করলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৬ এএম

শেয়ার করুন:

৬ বছরের নতুন চুক্তি করলেন ভিনিসিয়ুস

ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সাথেই চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্টিয়াগো বার্নাব্যুতে থাকার নতুন এই চুক্তির বিষয়টি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

২০১৮ সালের জুলাই মাসে মাত্র ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। স্প্যানিশ ক্লাবটির হয়ে গত আট মৌসুমে ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন তিনি। এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন মোট ১৪টি শিরোপা- যার মধ্যে রয়েছে ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার কাপ।

বিশেষ করে প্যারিসে ২০২২ সালের ১৪তম এবং লন্ডনে ২০২৪ সালের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জয়ে গুরুত্বপূর্ণ গোল করে ক্লাবের ইতিহাস সেরা সাফল্যের অন্যতম নায়ক হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান তারকা।

মাদ্রিদের জার্সিতে এই সময়কালে ভিনিসিয়ুস ফিফার বর্ষসেরা খেলোয়াড়, ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল ও চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা খেলোয়াড়ের মতো একাধিক ব্যক্তিগত পুরস্কারও নিজের ঝুলিতে পুরেছেন।

চুক্তি নবায়নের বিষয়ে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, "আমাদের ইতিহাসের অন্যতম সফল এক সময়ে ভিনিসিয়ুস জুনিয়র ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজনে পরিণত হয়েছেন।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর