বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ছিনতাইকারীর হামলায় ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

ছিনতাইকারীর হামলায় ফুটবলারের মৃত্যু

কাম্পালার মাকিন্ডে এলাকার নিস্তব্ধ রাত হঠাৎ ভারী হয়ে উঠল এক নিষ্ঠুর ঘটনায়। নিজের বাড়ির কাছেই দাঁড়িয়ে থাকা এক তরুণ ফুটবলারের জীবন কেড়ে নিল ছিনতাইকারীদের নির্মম আক্রমণ। ২৭ বছর বয়সী ডেভিড ওওরি ছিলেন এসসি ভিলার অধিনায়ক, উগান্ডা প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়ন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় এবং জাতীয় দলের জার্সিও গায়ে তুলেছিলেন।

রাইট-ব্যাক ও মিডফিল্ডে সমান দক্ষ এই তারকার আকস্মিক মৃত্যুতে পুরো দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ওই হামলায় একদল ছিনতাইকারী ওওরিকে ঘিরে ফেলে। ফুটপাতের পেভিং স্টোন দিয়ে মাথায় ও শরীরে বারবার আঘাত করে তাকে গুরুতর জখম করে। বাধা দেওয়ার চেষ্টা করলেও মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার।

এসসি ভিলা এক বিবৃতিতে জানিয়েছে, তারা শুধু একজন খেলোয়াড় হারাননি; হারিয়েছেন একজন সত্যিকারের নেতা, ভাই ও বন্ধুকে। উগান্ডা ফুটবল ফেডারেশন ও জাতীয় দলও গভীর শোক প্রকাশ করেছে। সংসদে ওওরির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে অপরাধীদের দ্রুত ধরে বিচারের আওতায় আনার দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

কিছুদিন আগেই কাম্পালায় আরেক তারকা রাগবি খেলোয়াড় সিডনি গংগোদিও একই ধরনের হামলায় প্রাণ হারান। এ ঘটনাগুলো দেশটিতে জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর