নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো গিমারেসকে সই করাতে ৭৫ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৯৯.৫ মিলিয়ন ডলার) সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। বৃটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে বুধবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য চলতি সপ্তাহের শুরুতে আর্সেনালের দেওয়া প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল নিউক্যাসল। তবে গানাররা দ্বিতীয় দফায় আরও উন্নত প্রস্তাব নিয়ে ফিরে আসলে অবশেষে চুক্তিতে সম্মত হয় ক্লাবটি।
গিমারেস আগেই নিউক্যাসল কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিলেন যে, উপযুক্ত প্রস্তাব আসলে তিনি আর্সেনালে যোগ দিতে আগ্রহী। সেন্ট জেমস পার্কে চুক্তি শেষ হতে এখনও দুই বছর বাকি থাকলেও অধিনায়ককে ধরে রাখতে ব্যর্থ হলো নিউক্যাসল। ২০২২ সালের জানুয়ারিতে অলিম্পিক লিঁও থেকে নিউক্যাসেলে যোগ দেওয়া গিমারেস ক্লাবটির হয়ে ১৯৫ ম্যাচে ৩১টি গোল করেছেন এবং ২০২৫ সালে ক্লাবটিকে লিগ কাপের শিরোপা জেতাতে নেতৃত্ব দেন।
প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখা এবং ইউরোপীয় মঞ্চে সফল হওয়ার লক্ষ্যে মিকেল আর্তেতার দল মাঝমাঠের শক্তি বাড়াতে গিমারেসকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই তারকা মিডফিল্ডার।
অন্যদিকে, ম্যানেজার এডি হাওসহ অ্যান্থনি গর্ডন ও স্যান্দ্রো তোনালি ক্লাব ছাড়ার পর অধিনায়ক ব্রুনো গিমারেসকেও হারানো নিউক্যাসল ইউনাইটেডের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।




