বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ শেষ, তবু ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি ১১ শহর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ শেষ, তবু ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি ১১ শহর

যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহর এখনো অপেক্ষায়। ফিফা যে ১০ লাখ ডলার করে দেবে বলে আশ্বাস দিয়েছিল, সেই অর্থ এখনো পৌঁছায়নি তাদের হাতে। সব মিলিয়ে চাওয়া হচ্ছে ১ কোটি ১০ লাখ ডলার।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি শহর ইতিমধ্যে ফিফার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কিন্তু অর্থ কখন দেওয়া হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি সংস্থাটি। প্রশ্নের জবাবও দেয়নি।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছিলেন, প্রতিটি আয়োজক শহরকে ১০ লাখ ডলার দেওয়া হবে। মাঠ উন্নয়ন ও সামাজিক কাজে ব্যবহারের জন্য। পরে ২০২৬ বিশ্বকাপের আয়োজক শহরগুলোও একই আশ্বাস পেয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তারা। যদিও ফিফা কখনো প্রকাশ্যে এমন ঘোষণা দেয়নি।

আয়োজক শহরগুলোর মধ্যে ছিল সিয়াটল, সান ফ্রান্সিসকো বে এরিয়া, লস অ্যাঞ্জেলেস, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, আটলান্টা, ফিলাডেলফিয়া, নিউইয়র্ক-নিউজার্সি, মায়ামি ও বোস্টন।

টুর্নামেন্ট শেষ হওয়ায় অনেক শহরের আয়োজক কমিটি কাজ গুটিয়ে ফেলছে। ফলে টাকা এলে কে নেবে ও কীভাবে খরচ করবে, তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে আর্থিক হিসাব জমা দেওয়ার সময় ফিফার এই অর্থ অন্তর্ভুক্ত করা হবে কি না, সে সিদ্ধান্তও নিতে পারছেন না তারা।

ক্ষোভের মূল কারণ, বিশ্বকাপ ঘিরে শহর ও অঙ্গরাজ্যগুলোকেই বহন করতে হয়েছে নিরাপত্তা, পরিবহন, বিমানবন্দর ও সমর্থক এলাকার বড় খরচ। অন্যদিকে টিকিট, সম্প্রচার, স্পন্সরশিপ ও পার্কিংয়ের আয়ের বড় অংশ নিয়েছে ফিফা।

কানসাস সিটির কমিটি একাই সরকারি উৎস থেকে প্রায় ৮ কোটি ৬৮ লাখ ডলার পেয়েছিল। সেখানে ছয়টি ম্যাচ হয়েছে, যার মধ্যে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালও ছিল। টিকিটে স্থানীয় কর ছাড় দেওয়ায় আরও ১ কোটি ৫৬ লাখ ডলার রাজস্ব কমেছে। মেটলাইফ স্টেডিয়ামকে ফাইনাল উপযোগী করতে অতিরিক্ত ১ কোটি ৩০ লাখ ডলার খরচ হয়েছে।

২০২৩-২০২৬ চক্রে ফিফার রাজস্ব ১ হাজার ৫০০ কোটি ডলারের বেশি। বিশ্বকাপ পরিচালনায় বাজেট ছিল প্রায় ২৭০ কোটি ডলার। এত আয়ের পরও সামান্য এই অর্থ দিতে দেরি হওয়ার কারণ বুঝতে পারছেন না শহরগুলোর কর্মকর্তারা।

এদিকে ফিফার প্রতিযোগিতা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে সমালোচনার মুখে আছেন ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের শহরগুলোর এই অভিযোগ সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর