মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদ্রিদের দাবানল-বিধ্বস্ত মানুষ, ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

মাদ্রিদের দাবানল-বিধ্বস্ত মানুষ, ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

মাদ্রিদের সিয়েরা ওয়েস্ট এলাকায় সাম্প্রতিক ভয়াবহ দাবানলে যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তিনি পুনর্গঠন কাজে সাহায্য হিসেবে ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন।

মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আইয়ুসো নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে এই খবর জানিয়ে মেসিকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, মেসি সিয়েরা ওয়েস্টের পুনর্নির্মাণে এই অর্থ দিয়েছেন। মাদ্রিদবাসী তাকে স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

গতয়েক সপ্তাহ ধরে চলা এই দাবানল মাদ্রিদের বিস্তীর্ণ এলাকা ছারখার করে দিয়েছিল। প্রায় দুই সপ্তাহ জ্বলার পর আগুন এখন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও জরুরি উদ্ধারকারী দলগুলো এখনো আগুনের সীমানা ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো, বিশেষ করে সান জুয়ান জলাধারের আশপাশ, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটসহ বন বিভাগ ও পরিবেশ রক্ষা বাহিনীর কর্মীরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন।

পেলায়োস দে লা প্রেসা ও সান মার্টিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকার বাসিন্দাদের এখনো ঘরে ফেরার অনুমতি মেলেনি। সান জুয়ান জলাধার ও আলবার্চে বিচের দিকে যাওয়ার রাস্তাসহ এম-৯৫৭ সড়ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ যখন ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময় মেসির এই অনুদান এসেছে। এটি কেবল অর্থ সহায়তা নয়, বরং দূরের মানুষের প্রতি তার সহানুভূতিরই বহিঃপ্রকাশ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর