মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রেকর্ড ৯ নতুন কোচে শুরু প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

রেকর্ড ৯ নতুন কোচে শুরু প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে আর মাত্র ১৬ দিন বাকি। কিন্তু মাঠে খেলা শুরু হওয়ার আগেই লিগ ইতিহাস গড়ে ফেলেছে। এবার ২০ দলের মধ্যে রেকর্ড ৯টি ক্লাব নতুন কোচ নিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।

বড় বড় ক্লাবগুলোতেও এবার পরিবর্তনের ঝড় উঠেছে। লিভারপুলের দায়িত্বে থাকছেন আন্দোনি ইরাওলা। ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে এসেছেন এনজো মারেসকা। আর চেলসির ডাগআউট সামলাবেন জাবি আলোনসো।

অন্যান্য ক্লাবগুলোতেও নতুন মুখ দেখা যাচ্ছে। বোর্নমাউথ নিয়োগ দিয়েছে মার্কো রোজকে। নটিংহ্যাম ফরেস্ট এনেছে অলিভার গ্লাসনারকে। ক্রিস্টাল প্যালেসের কোচ হয়েছেন পিয়েরে সেজ। ফুলহাম আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দিয়েছে। ইপসউইচ টাউনের কোচ হিসেবে গ্যারি ও’নেইল কাজ করবেন। আর নিউক্যাসল ইউনাইটেড মৌসুম শুরুর আগেই মাথিয়াস জাইসলকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।

এর আগে প্রিমিয়ার লিগে একসঙ্গে সবচেয়ে বেশি নতুন কোচ এসেছিল ২০১৬-১৭ মৌসুমে। সেবার আটজন নতুন কোচ নিয়ে লিগ শুরু হয়েছিল। তারও আগে ১৯৯৫-৯৬ মৌসুমে সাতটি ক্লাব নতুন কোচ নিয়োগ দিয়েছিল।

বর্তমানে আর্সেনালের মিকেল আর্তেতা লিগের সবচেয়ে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা কোচ। তিনি ২০১৯ সাল থেকে আর্সেনাল পরিচালনা করছেন।

এবারের মৌসুমে এত বেশি নতুন কোচের আগমন লিগকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করছেন অনেকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর