বাংলাদেশের মাটিতে প্রথমবার পা রাখতে চলেছে মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দল। আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবে তারা। ১৩ দিনের এই সফরে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে অতিথিরা।
৮ ও ১০ আগস্ট দুইটি টি-টোয়েন্টি এবং ১২, ১৪ ও ১৬ আগস্ট তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই সিরিজে মালয়েশিয়ার প্রতিপক্ষ হিসেবে খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিট।
মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি জিসান আলম, আরিফুল ইসলাম ও জাওয়াদ আলমের মতো তরুণ প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদেরও জায়গা দেওয়া হয়েছে। জাতীয় দলের পেসার আব্দুল গাফফার সাকলায়েন এবং অভিজ্ঞ পেস অলরাউন্ডার আবু হায়দার রনিও রয়েছেন এই দলে।
দুইটি টি-টোয়েন্টি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে। অন্যদিকে, তিনটি ওয়ানডে ম্যাচ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বিসিবির হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি স্কোয়াড- জিসান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহরব হাসান, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলয়েন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বী ও ইকবাল হোসেন।




