মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ফুটবল খেলা ছেড়ে দেওয়া প্রসঙ্গে নেইমার যা জানালেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

ফুটবল খেলা ছেড়ে দেওয়া প্রসঙ্গে নেইমার যা জানালেন

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের দাতব্য সংস্থা 'নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউট'-এর ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সান্তোস তারকা নেইমার। সেখানে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলোয়াড়দের ওপর সংবাদমাধ্যমের প্রতিনিয়ত আক্রমণ, মানসিক চাপ এবং নিজের অবসর ভাবনাসহ একাধিক স্পর্শকাতর বিষয়ে বেশ কড়া বক্তব্য দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বেলেনে কোপা দো ব্রাজিলের রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগের ম্যাচে রেমোর মুখোমুখি হবে সান্তোস (প্রথম লেগ ০-০ ড্র)। সেই ম্যাচের কারণে নিলামের পুরো অনুষ্ঠানে থাকতে পারেননি নেইমার, বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার জন্য আগেই স্থান ত্যাগ করেন।

অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে সান্তোসের এই ১০ নম্বর জার্সিধারী তারকা বলেন, "আমার মনে হয় ব্রাজিলের সংবাদমাধ্যমের একটি বড় অংশ সব ফুটবলারকে মানসিক অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে। ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত এই পেশাটির ওপরেই সবচেয়ে বেশি আক্রমণ হয়। মানুষের উচিত নিজেদের কথা ও সংবাদের সত্যতা নিয়ে আরও সতর্ক হওয়া, কারণ প্রকাশিত সংবাদের বেশিরভাগই সত্য নয়। এটি খেলোয়াড়, তাঁদের পরিবার এবং ভক্তদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ভিত্তিহীন কথা ও ভুয়া খবর প্রচার করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।"

খেলোয়াড়দের মানসিক দিকটি উল্লেখ করে নেইমার আরও যোগ করেন, "খেলোয়াড়দের মানসিক শক্তি বজায় রাখতে হয়। আমার মানসিক শক্তি বেশ জোরালো, কিন্তু সবাই তো একরকম নয়। অনেকেই এর কারণে চরম কষ্ট পায়। হাতে একটা মাইক্রোফোন পেলেই যা খুশি বলে দেওয়া আর পরদিন ভুল প্রমাণিত হলে ক্ষমা না চাওয়া, এগুলো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।"

চলতি ২০২৬ মৌসুম শেষে অবসর বা সান্তোস ছাড়ার গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার। সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবলকেই বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত তখনই নেবেন বলে জানিয়েছেন নেইমার।

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসর নেওয়ার কথা এখনো ভাবিনি, তবে কত দিন খেলতে পারব, সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তির মেয়াদ পূরণ করতে চাই, সান্তোসের জার্সির মর্যাদা রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব- সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, খেলা ছেড়ে দেব, নাকি চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, আরও বলেন, ‘ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই এক ম্যাচ করে এগোতে চাই। শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর