সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘সেনা’ দুর্গে বাংলাদেশের নতুন লড়াই, মিলবে কি সাফল্যের হাসি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

‘সেনা’ দুর্গে বাংলাদেশের নতুন লড়াই, মিলবে কি সাফল্যের হাসি?

বাংলাদেশ ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়ার মাটি সবসময়ই সবচেয়ে কঠিন পরীক্ষার জায়গাগুলোর একটি। ঘাসে ঢাকা উইকেট, অতিরিক্ত বাউন্স আর পেসারদের ভয়ঙ্কর সুইং; সব মিলিয়ে এই কন্ডিশনে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। তবে কঠিন বাস্তবতার মাঝেও ইতিহাস বদলের স্বপ্ন নিয়েই ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট লড়াই। ক্রিকেটবিশ্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ‘সেনা’ দেশ হিসেবে ধরা হয়। এই দেশগুলোর মাটিতে টেস্ট জিততে পারা উপমহাদেশের যেকোনো দলের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হয়। কারণ এখানকার উইকেট ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া এশিয়ার ব্যাটারদের জন্য সবসময়ই কঠিন হয়ে দাঁড়ায়।

পরিসংখ্যানও বাংলাদেশের সামনে কঠিন বাস্তবতাই তুলে ধরে। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ, আর দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল। শুধু অস্ট্রেলিয়াই নয়, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতেও এখনো কোনো টেস্ট জয়ের স্বাদ পায়নি টাইগাররা। তবে নিউজিল্যান্ডে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া ঐতিহাসিক জয় প্রমাণ করেছে, কঠিন কন্ডিশনেও বাংলাদেশ চমক দেখানোর সামর্থ্য রাখে।

অন্যদিকে, ‘সেনা’ দেশগুলোতে সবচেয়ে সফল উপমহাদেশীয় দল ভারত। তারা এসব দেশে ১৭৯টি টেস্ট খেলে ৩১টি জয় পেয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতেরও জয় মাত্র ১০টি, যা এই কন্ডিশনের কঠিনতাই আরও স্পষ্ট করে।

এবারের সফরের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা দুশ্চিন্তাও রয়েছে। ইনজুরির কারণে স্কোয়াডে নেই দলের অন্যতম গতিমান পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতি বোলিং আক্রমণে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্টের লড়াইয়ে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় পূর্ণশক্তির অস্ট্রেলিয়া।

তবে এসব চ্যালেঞ্জের মাঝেও আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বাস করেন, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে সফল হতে হলে প্রতিটি সেশন ও প্রতিটি দিন ধৈর্যের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। মাউন্ট মঙ্গানুইয়ের ঐতিহাসিক জয় দলের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।

এখন অপেক্ষা ১৩ আগস্টের। ডারউইনের মাঠে বাংলাদেশ কি অতীতের হতাশা ভুলে নতুন ইতিহাস গড়তে পারবে, নাকি অস্ট্রেলিয়ার দুর্গ আবারও অধরাই থেকে যাবে; সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর