সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাজিলকে ভারতে আনা ‘গরিবের বিয়েতে শাহরুখকে নাচানোর মতো’: ভুটিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলকে ভারতে আনা ‘গরিবের বিয়েতে শাহরুখকে নাচানোর মতো’: ভুটিয়া

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য অক্টোবর মাস হতে যাচ্ছে বিশেষ এক উপলক্ষ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় জাতীয় ফুটবল দল। এমন ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে থাকলেও দেশের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, একদিকে বিশ্বসেরা দলের আগমন, অন্যদিকে ঘরোয়া ফুটবলে অনিশ্চয়তা; এই দুই বিপরীত চিত্রকে সামনে এনে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪০ নম্বরে থাকা ভারত আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিপক্ষে অফিসিয়াল প্রীতি ম্যাচ খেলবে। তবে এই সিদ্ধান্তকে অনেকেই ‘ভুল সময়ের ভুল পদক্ষেপ’ বলে মনে করছেন। 

ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া কঠোর ভাষায় এই আয়োজনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “ আমি বলছি না ব্রাজিলের আসা উচিত নয়। কিন্তু ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থায় এই ম্যাচ থেকে আমরা আসলে কী অর্জন করতে চাই? জামশেদপুর এফসি আইএসএল থেকে সরে দাঁড়িয়েছে, এশিয়ান গেমসে দল পাঠানো হচ্ছে না, র‍্যাঙ্কিং নেমে ১৪০-এ ঠেকেছে। এখন মনোযোগ দেওয়া উচিত অবকাঠামো গড়ে তোলার দিকে।” বাইচুং একটি মজার তুলনা টেনে বলেন, “সংসারে নুন আনতেই হিমশিম, আর ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করা হচ্ছে!”

শুধু বাইচুংই নন, বর্তমান জাতীয় দলের ফুটবলাররাও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ খেলার কথা রয়েছে ভারতের। ফলে ব্রাজিলের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামানো যাবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ভারতের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী জামশেদপুর এফসির কার্যক্রম বন্ধ হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর ডিফেন্ডার নিখিল পূজারি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “একদিকে ব্রাজিল আসায় উল্লাস, অন্যদিকে সকালে উঠে দেখি আরেকটা ক্লাব দল তুলে নিচ্ছে। আমরা আসলে কোথায় যাচ্ছি?”

এই ম্যাচটি সর্ব ভারত ফুটবল ফেডারেশন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারকের অধীনে অনুষ্ঠিত হবে। ওই বেসরকারি প্রতিষ্ঠানই প্রায় ৬০ কোটি রুপি খরচ করবে বলে জানা গেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর