রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

গুলি করে ব্রাজিলের তরুণ ফুটবলারকে হত্যা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

গুলি করে ব্রাজিলের তরুণ ফুটবলারকে হত্যা

শুধুমাত্র একটা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ১৫ বছর বয়সী মিকায়েল লিয়ান্দ্রো। কিন্তু সেই খেলার মাঝেই গুলির শিকার হয়ে প্রাণ হারালেন ব্রাজিলের এই তরুণ ফুটবলার। শনিবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত জানিয়েছে, সাও পাওলোর যুব দলের সাবেক এই খেলোয়াড়কে ভুল করে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়।

ব্রাজিলের সিভিল পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, মাদক পাচার সংশ্লিষ্ট কোনো অপরাধী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। মিকায়েল ভুলবশত গুলির শিকার হন। ঘটনাস্থলে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

মিকায়েল আলাগোয়াসের স্থানীয় বাসিন্দা ছিলেন। চলতি বছরের শুরুতে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন এবং কোপা ফিক্টর শিরোপা জয়ের অংশীদারও হয়েছিলেন। পরে নিজ শহর মাসেওতে ফিরে সিএসএ’র অনূর্ধ্ব-১৫ দলে অনুশীলন শুরু করেন।

তার মৃত্যুর পর সিএসএ ক্লাব এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর মৃত্যুতে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর