রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

বাজবল থেকে একেবারে সরে আসতে চান না রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

বাজবল থেকে একেবারে সরে আসতে চান না রুট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেন স্টোকসের আকস্মিক অবসরের পর আবারও ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন জো রুট। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করলেও স্টোকস ও সাবেক কোচ ব্রেন্ডন ম্যাককালামের উদ্ভাবিত আক্রমণাত্মক ‘বাজবল’ কৌশল পুরোপুরি বদলে ফেলার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথমবারের মতো ইংল্যান্ডের পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন রুট। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্টোকসের অনুপস্থিতে এক ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বও সামলান তিনি। নিউজিল্যান্ড সিরিজের পর ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট কোচের পদ থেকে বরখাস্ত করা হলেও রুট মনে করেন, গত চার বছরে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড যে ইতিবাচক মানসিকতা তৈরি করেছে তা ধরে রাখা প্রয়োজন।

ইসিবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুট জানান, নতুন কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে দল নতুন করে শুরু করলেও পুরোনো সফল কৌশলগুলো একেবারে বাদ দেওয়া ভুল হবে, "গত চার বছরে আমরা যেভাবে ক্রিকেটকে দেখেছি এবং খেলেছি, সেখানে অনেক ভালো দিক ছিল। সেগুলোকে পুরোপুরি মুছে ফেলে নতুন করে শুরু করা ভুল সিদ্ধান্ত হবে। আমরা আগের ইতিবাচক দিকগুলো বজায় রেখে কিছু কিছু জায়গায় পরিবর্তন বা সংশোধন আনব, যাতে দীর্ঘমেয়াদে শীর্ষ দলগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করা যায়।"

ম্যাককালাম-স্টোকস জুটির অধীনে আক্রমণাত্মক মানসিকতা সাফল্য এনে দিলেও অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফল পায়নি ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে দলের কিছু খেলোয়াড়ের মাঠের বাইরের শৃঙ্খলাজনিত বিতর্ক এবং অ্যাশেজে ব্যর্থতা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।

সংযমী ও অভিজ্ঞ রুট ইঙ্গিত দিয়েছেন যে কৌশল পুরোপুরি পরিবর্তন না করলেও মাঠের শৃঙ্খলা ও মানসিক দিক থেকে কিছু কিছু জায়গায় দলকে আরও কঠোর ও সতর্ক করা হবে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আগামী টেস্ট সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন জো রুট।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর