রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ইতালিতে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

ইতালিতে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

লন্ডনে দীর্ঘ পাঁচ বছরের এক জমজমাট অধ্যায়। কখনো দুর্দান্ত সব ট্যাকল, আবার কখনো রক্ষণ সামলে প্রতিপক্ষের গোলমুখে বল জালে জড়ানো টটেনহ্যাম হটস্পারের জার্সিতে এমন অজস্র স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা ক্রিস্তিয়ান রোমেরো। তবে এবার হয়তো সেই পথচলার সমাপ্তি ঘটতে চলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের চেনা মাঠ ছেড়ে নতুন চ্যালেঞ্জের খোঁজে এবার ইতালিতে পাড়ি জমাচ্ছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

ক্রীড়া মাধ্যম ইএসপিএনের একটি সূত্র জানিয়েছে, স্পার্স অধিনায়ককে দলে টানতে এরই মধ্যে টটেনহ্যামের সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছে ইতালির অন্যতম শীর্ষ ক্লাব ইন্টার মিলান। দুই ক্লাবের মধ্যে দলবদলের এই চুক্তির আর্থিক অঙ্কটা নির্ধারিত হয়েছে ৪০ মিলিয়ন ইউরোতে।

২০২১ সালের আগস্ট মাসে ইতালীয় ক্লাব আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে এসেছিলেন রোমেরো। মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পরের বছরই চুক্তিটি স্থায়ী করে নেয় ইংলিশ ক্লাবটি। স্পারদের হয়ে সব মিলিয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন তিনি, একজন সেন্টার-ব্যাক হয়েও দলের প্রয়োজনে করেছেন ১১টি গোল। গত বছর সন হিউং-মিন যখন ক্লাব ছাড়েন, তখন তৎকালীন কোচ টমাস ফ্রাঙ্ক এই আর্জেন্টাইন ডিফেন্ডারের কাঁধেই তুলে দিয়েছিলেন অধিনায়কের আর্মব্যান্ড। কিন্তু চলতি দলবদলের মৌসুমে নতুন কোনো ক্লাবে নিজের ক্যারিয়ারকে ঝালিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

তার এই ক্লাব ছাড়ার সিদ্ধান্তকে সানন্দেই মেনে নিয়েছেন স্পারদের বর্তমান প্রধান কোচ রবার্তো ডি জার্বি। গত এপ্রিলে দায়িত্ব নেওয়া এই কোচ জানান, রোমেরোর মতো বিশ্বসেরা ডিফেন্ডারকে তিনি কখনোই জোর করে আটকে রাখতে চাননি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর দুজনের মধ্যে মেসেজে কথাও হয়েছিল। 

ডি জার্বির মতে, দলের প্রতি রোমেরোর যে পেশাদারিত্ব, আচরণ ও নিবেদন ছিল, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। উল্লেখ্য, ইন্টারের আগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদও তাকে দলে ভেড়াতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত আর্থিক বা অন্যান্য বনিবনা না হওয়ায় সেই আলোচনা আর বেশিদূর এগোয়নি।

এদিকে, দলের নির্ভরযোগ্য সেনাপতির সম্ভাব্য বিদায় নিশ্চিত জেনে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে টটেনহ্যাম। নিজেদের রক্ষণভাগকে সুরক্ষিত করতে গ্রীষ্মকালীন দলবদলে তারা ইতোমধ্যেই মার্কোস সেনেসি এবং ইয়ান পল ফান হেকেকে দলে যুক্ত করেছে। দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা হলেও বর্তমানে মিলানের সঙ্গে রোমেরোর ব্যক্তিগত চুক্তি ও শর্তাদি নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ইংলিশ ফুটবলের অধ্যায় চুকিয়ে সিরি আ-তে নতুন করে নিজের যাত্রা শুরু করবেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর