শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

জনপ্রিয়তা কমছে ব্রাজিল ফুটবলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

জনপ্রিয়তা কমছে ব্রাজিল ফুটবলের

ব্রাজিল মানেই ফুটবল, এই ধারণা আজও অনেকের মনে গেঁথে আছে। কিন্তু সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশের মানুষের মনে সেই পুরনো উন্মাদনা একটু একটু করে ম্লান হয়ে যাচ্ছে। তিন বছর আগে যেখানে তিন-চতুর্থাংশ মানুষ খেলাটিকে গুরুত্ব দিত, এখন সেই সংখ্যা কমেছে লক্ষণীয়ভাবে। তবুও এখনো সংখ্যাগরিষ্ঠ মানুষ ফুটবলের খোঁজ রাখে।

দাতাফোলহা নামের ব্রাজিলিয়ান গবেষণা সংস্থা শনিবার এই জরিপের ফল প্রকাশ করেছে। ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের মধ্যে ৬৪ শতাংশ ফুটবলের প্রতি আগ্রহ দেখিয়েছেন, এর মধ্যে ২৮ শতাংশ খুব বেশি এবং ৩৫ শতাংশ কিছুটা আগ্রহী। বাকি ৩৬ শতাংশ জানিয়েছেন, তারা খেলার কোনো খবরই রাখেন না।

২০২৩ সালের জরিপের সঙ্গে তুলনা করলে পার্থক্য স্পষ্ট। তখন ৭২ শতাংশ মানুষ ফুটবল অনুসরণ করতেন এবং মাত্র ২৮ শতাংশের কোনো আগ্রহ ছিল না। তিন বছরে আগ্রহীদের হার কমেছে ৮ শতাংশ।

জরিপে আরও কিছু মজার তথ্য উঠে এসেছে। পুরুষদের মধ্যে ৭৭ শতাংশ ফুটবলের খোঁজ রাখেন, অথচ নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ৫২ শতাংশ। শিক্ষার স্তরও বড় ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে মাত্র ৪৯ শতাংশ আগ্রহী, মাধ্যমিক শিক্ষিতদের ৬৭ শতাংশ এবং উচ্চশিক্ষিতদের মধ্যে হার বেড়ে দাঁড়ায় ৭৫ শতাংশে।

এই জরিপটি করা হয়েছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পরে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ব্রাজিল দল নরওয়ের কাছে হেরে শেষ ষোলোতেই বিদায় নিয়েছিল, যা দেশের সমর্থকদের প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল।

২২ ও ২৩ জুলাই দেশের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভায় দুই হাজার চারজন মানুষের ওপর জরিপ চালানো হয়। সম্ভাব্য ভুলের হার ধরা হয়েছে প্লাস-মাইনাস দুই শতাংশ।

যদিও বর্তমান পরিস্থিতি কিছুটা নিরাশার, আগামী বছর নতুন আশার আলো জ্বলছে। ২০২৭ সালে ব্রাজিল প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। অনেকের বিশ্বাস, এই আয়োজন দেশে ফুটবলের পুরনো উন্মাদনা আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং বিশ্বের নজরও আকর্ষণ করবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর