শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্বের সেরা দশে মেসিদের এমএলএস, ৩০-এর বাইরে রোনালদোদের সৌদি লিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

সেরা দশে মেসিদের এমএলএস, ৩০-এর বাইরে রোনালদোদের সৌদি লিগ

নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল সৌদি প্রো লিগ। ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোয়াও ফেলিক্সের মতো তারকাদের ভরসায় থাকা এই লিগ বিশ্বের সেরা লিগের তালিকায় ত্রিশের বাইরে চলে গেছে। অন্যদিকে লিওনেল মেসির মেজর লিগ সকার (এমএলএস) উঠে এসেছে সেরা দশে।  

গ্লোবাল ফুটবল র‍্যাঙ্কিং ওয়েবসাইটের সর্বশেষ তালিকায় ৭৯.৩ পয়েন্ট নিয়ে এমএলএস দশম স্থানে রয়েছে। আর সৌদি প্রো লিগ ৭৫.১ পয়েন্টে আছে ৩৬ নম্বরে। ফিফা বিশ্বকাপ শেষে এসপিএল এখন নতুন মৌসুমের অপেক্ষায়। আগামী ১৩ আগস্ট শুরু হবে তাদের ২০২৬-২৭ মৌসুম। অন্যদিকে বিশ্বকাপের বিরতির পর ইতিমধ্যেই মাঠে ফিরেছে এমএলএসের অসমাপ্ত মৌসুম।  

ক্লাবভিত্তিক র‍্যাঙ্কিংয়েও এমএলএসের ইন্টার মিয়ামি এগিয়ে। মেসির এই ক্লাব ৮৪.৯ পয়েন্ট নিয়ে বিশ্বে ৭৯তম। সৌদি লিগের মধ্যে আল আহলি ৮৫ পয়েন্টে ৭৫তম স্থানে আছে। আর রোনালদো-ফেলিক্সের আল নাসর এখনও সেরা একশোর বাইরে ৮৩.৪ পয়েন্টে তাদের অবস্থান ১১৬তম।  

বিশ্বের সেরা লিগের তালিকায় শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ৯১.৮ পয়েন্ট নিয়ে তারা একমাত্র লিগ, যা নব্বইয়ের ওপরে। চমক দিয়েছে ইতালিয়ান সিরি আ। ৮৬.১ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং স্প্যানিশ লা লিগাকে (৮৬) টপকে গেছে। সেরা পাঁচে আরও আছে ফ্রান্সের লিগ ওয়ান (৮৫.৬) ও জার্মানির বুন্দেসলিগা (৮৫.৪)।  

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আইএফএফএইচএস-এর র‍্যাঙ্কিংয়ে সৌদি লিগ ছিল ২৭তম (২৬২৬.৭৫ পয়েন্ট) এবং যুক্তরাষ্ট্রের লিগ ছিল ৪৮তম (১৭০৭.৭৫ পয়েন্ট)।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর