শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ফিফা সভাপতির বেতন কত, জানলে অবাক হবেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

ফিফা সভাপতির বেতন কত, জানলে অবাক হবেন

ফুটবল বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্টের অংশীদারত্ব বা শেয়ার বেসরকারি প্রাইভেট ফান্ডের কাছে বিক্রির সিদ্ধান্তকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে স্রেফ তোলপাড় সৃষ্টি হয়েছিল। উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই উচ্চাভিলাষী সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ফিফা। উয়েফার বিশ্বকাপ বয়কটের হুমকি এবং নিজের জ্যেষ্ঠ উপদেষ্টার আকস্মিক পদত্যাগে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এখন ইতিহাসের অন্যতম কঠিন প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।

এই চরম বিতর্ক আর জটিল রাজনৈতিক পরিস্থিতির আবহেই বিশ্বজুড়ে ক্রীড়ামোদী ও ফুটবল বিশ্লেষকদের নজর গিয়ে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের দিকে। যে মানুষটি বিশ্ব ফুটবলের শত শত কোটি ডলারের সাম্রাজ্য পরিচালনা করেন এবং নানামুখী সিদ্ধান্তের কারণে ক্রমাগত সংবাদের শিরোনাম হচ্ছেন, তিনি নিজে এই পদ থেকে ঠিক কত টাকা উপার্জন করেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে।

ফিফার সর্বশেষ কমপেনসেশন উপকমিটির আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই সংস্থাকে নেতৃত্ব দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের আর্থিক সুবিধা পান ইনফান্তিনো। ফিফা সভাপতির পেছনে বছরে সংস্থাটির মোট খরচ প্রায় ৬০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বর্তমান ব্যাংক হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ বছরে প্রায় ৭৩ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

ইনফান্তিনোর এই বিপুল পারিশ্রমিক কিন্তু একটি নির্দিষ্ট খাত থেকে আসে না। আর্থিক প্রতিবেদনের বিস্তারিত অংশ অনুযায়ী, বছরে তাঁর মূল বা বেসিক বেতন প্রায় ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (২৬ লাখ সুইস ফ্রাঁ)। তবে মূল বেতনের প্রায় কাছাকাছি অঙ্কের বোনাসও পান তিনি; তাঁর কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ পারফরম্যান্স বোনাস হিসেবে যোগ হয় আরও ২৭ লাখ ৫০ হাজার ডলার। এর বাইরে নির্দিষ্ট ভাতা হিসেবে আরও ৩০ হাজার ডলার যুক্ত হয় তাঁর বার্ষিক প্রাপ্তিতে। এছাড়াও অফিশিয়াল কাজে দেশের বাইরে বা সফরে থাকা অবস্থায় প্রতিদিন ২৫০ ডলার দৈনিক ভাতা পান তিনি, তবে খাবারের ব্যবস্থা ফিফা করলে সে ভাতার পরিমাণ হয় ১৫০ ডলার।

নগদ টাকার বাইরেও অফুরন্ত রাজকীয় সুবিধার ব্যবস্থা রয়েছে ফিফা প্রেসিডেন্টের জন্য। নিখরচায় বিলাসবহুল বাসস্থান, নিজস্ব চালকসহ প্রাতিষ্ঠানিক প্রিমিয়াম গাড়ি, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং সুনির্দিষ্ট পেনশন সুবিধার পাশাপাশি সরকারি সফরের যাবতীয় ব্যয়ভার সরাসরি ফিফাই বহন করে। 

বিশ্বকাপের মালিকানা বিক্রি করলে যেভাবে লাভবান হতে পারতেন 

বিশ্বকাপের মালিকানা বিক্রি করে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার লক্ষ্য ছিল ইনফান্তিনোর। যদি ২০২৭ সালে ফিফা সভাপতি পদে আরও এক মেয়াদে নির্বাচিত হন, তাহলে ২০৩১ সালে দায়িত্ব ছাড়ার পর ইনফান্তিনো নতুন প্রতিষ্ঠানের কমিশনার বা প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। 

সে ক্ষেত্রে তাঁর সম্ভাব্য বার্ষিক বেতন হতে পারে প্রায় ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। প্রতি সপ্তাহেই ১৩ লাখ ডলারের বেশি। অর্থাৎ বর্তমানে ফিফা থেকে পাওয়া পারিশ্রমিকের তুলনায় তা হবে প্রায় ১০ গুণের বেশি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর