শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

ইনফান্তিনোর প্রস্তাবের প্রতিবাদে জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

ইনফান্তিনোর প্রস্তাবের প্রতিবাদে জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ

ফিফার বাণিজ্যিক স্বত্ব ও বিশ্বকাপ ফুটবলের শেয়ার বেসরকারি ক্যাপিটাল ফান্ডের কাছে বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ওপর চাপ আরও তীব্র হলো। ইউরোপ, কনকাকাফ ও এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর তীব্র বিরোধিতার পর এবার খোদ ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস করদেইরো শুক্রবার পদত্যাগ করেছেন। করদেইরো এই পরিকল্পনাকে ফুটবলের জন্য একটি "বাজে চুক্তি" হিসেবে অভিহিত করে অবিলম্বে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নতুন গঠিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ এর মাধ্যমে ২০ বিলিয়ন ডলারের এক বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গড়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সম্পদ বিশ্বকাপের ২০ শতাংশ শেয়ার বা অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল। নিউ ইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভের জোশুয়া কুশনারের অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ বেসরকারি ফান্ডগুলোর হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

পদত্যাগপত্রে করদেইরো বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রস্তাবের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমি এর কঠোর বিরোধিতা করছি। এটি ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর জন্য একটি বাজে চুক্তি, ফুটবলের জন্য একটি বাজে চুক্তি এবং দীর্ঘমেয়াদী ফুটবলের ভবিষ্যতের জন্যও অত্যন্ত ক্ষতিকর।"

গোল্ডম্যান শ্যাকসের সাবেক এই ইনভেস্টমেন্ট ব্যাংকার ও ইউএস সকার ফেডারেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট করদেইরো প্রশ্ন তোলেন, ফিফার যেখানে কোটি কোটি ডলারের রিজার্ভ রয়েছে, কোনো দেনা নেই এবং গত চার বছরেই ১৫ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে, সেখানে বিশ্বকাপের মতো স্থায়ী সম্পদ বিক্রি করে টাকা তোলার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না।

বিশ্বজুড়ে ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তাবে সায় দেওয়ার জন্য ফিফার আল্টিমেটামের মুখে সাবেক এ ব্যাংক কর্মকর্তা অন্যান্য ফিফা কর্মকর্তাদেরও ফুটবল রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তবে গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে ফিফা দাবি করেছে, ভুল গণমাধ্যম প্রতিবেদনের কারণে মূল প্রস্তাব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তারা সকল সদস্য দেশের সাথে তথ্যভিত্তিক আলোচনা চালিয়ে যাবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর