রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ব্রাজিলীয় মিডফিল্ডার কাসেমিরো ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে 'ফুটবলের ঈশ্বর' হিসেবে অভিহিত করেছেন। সেই সাথে ফ্রি এজেন্ট হিসেবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার প্রধান কারণ হিসেবে মেসির সঙ্গে খেলার তীব্র আকাঙ্ক্ষাকেই উল্লেখ করেছেন তিনি।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২৭ সালের এমএলএস স্প্রিন্ট মৌসুম পর্যন্ত স্থায়ী চুক্তিতে ইন্টার মায়ামিতে স্বাক্ষর করেছেন, যেখানে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইতালি সহ বিশ্বজুড়ে একাধিক ক্লাবের প্রস্তাব থাকলেও মেসির সান্নিধ্য ও মায়ামির প্রকল্পকেই তিনি বেছে নেন।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাসেমিরো বলেন, "কোনো সন্দেহ ছাড়াই আমি এখানে সর্বকালের সেরা খেলোয়াড়টির সাথে খেলতেই এসেছি। আমি উপভোগ করতে চাই এবং তাঁকে ট্রফি জয় অব্যাহত রাখতে সাহায্য করতে চাই এবং ওকে আরও বড় ফুটবলার হতে সাহায্য করতে চাই কারণ তিনি একজন জন্মগত বিজয়ী। আমার কাছে তিনি ফুটবলের ঈশ্বর বললেও ভুল হবে না।"
রিয়াল মাদ্রিদে ৯ বছর খেলার কারণে বার্সেলোনার হয়ে খেলা মেসির সাথে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার স্মৃতি স্মরণ করে কাসেমিরো হাসিমুখে যোগ করেন, "মেসি আমাকে মাঠে যে পরিমাণ সমস্যায় ফেলেছেন, তা ভেবেই তাঁর সাথে খেলার স্বপ্ন দেখতাম! তাঁকে একা থামানো অসম্ভব ছিল, সবসময় সতীর্থদের সাহায্য লাগত। এখন তাঁর সাথে এক দলে খেলতে পেরে আমি সত্যি আনন্দিত।"
ইতিমধ্যেই কানাডায় সিএফ মন্ট্রিয়লের বিরুদ্ধে ১-০ গোলের জয়ে ইন্টার মায়ামির হয়ে ডেবিউ বা অভিষেক সম্পন্ন করেছেন কাসেমিরো। এমএলএস-এর বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি তাদের নতুন হোম ভেন্যু ‘নু স্টেডিয়ামে’ পরবর্তী ম্যাচে কলম্বাস ক্রু-এর মুখোমুখি হবে। বিশ্বকাপের পর থেকে দুই জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
অন্য দিকে, বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ৮ গোল করে দেশকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তোলার পর (যেখানে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারে আর্জেন্টিনা) সাময়িক ছুটিতে ছিলেন ৩৭ বছর বয়সী মেসি। বুধবার থেকে মায়ামির অনুশীলনে ফিরেছেন এই অধিনায়ক, শীঘ্রই কাসেমিরো ও মেসিকে একসাথে মাঠে ফুল ফোটাতে দেখবেন ফুটবলপ্রেমীরা।




