বিশ্বকাপের রোমাঞ্চ থিতিয়ে গেলেও আর্জেন্টিনা ফুটবল দলকে ঘিরে আলোচনা থামছে না। সেমিফাইনালের সেই উন্মাদনার মুহূর্তে একটি রাজনৈতিক বার্তা এখন তাদের জন্য বিস্তর ঝামেলা ডেকে আনতে চলেছে।
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর আনন্দে মেতে ওঠা আর্জেন্টাইন খেলোয়াড়রা গ্যালারি থেকে ছোড়া একটি ব্যানার হাতে তুলে নেন। ব্যানারে স্পষ্ট করে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’ (মালভিনাস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার)। এই ছোট্ট ঘটনাটি এখন ফিফার শৃঙ্খলা কমিটির নজরে এসেছে।
ফিফা বিবৃতিতে বলেছে, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬এ আর্জেন্টিনার প্রতিনিধি দলের বেশ কয়েকটি ম্যাচের সাথে সম্পর্কিত বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, দল ও দর্শকদের দ্বারা অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের দ্বারা বস্তু নিক্ষেপের পরিপ্রেক্ষিতে, ফিফা শৃঙ্খলা কমিটি ফিফা শৃঙ্খলাবিধির ১৩ নং অনুচ্ছেদের ২(গ) ধারার (ক্রীড়া অনুষ্ঠানকে অক্রীড়াসুলভ প্রদর্শনের জন্য ব্যবহার) সম্ভাব্য লঙ্ঘনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে।’
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় ইসলাস মালভিনাস) নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে। দ্বীপটি বর্তমানে ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা এর ওপর সার্বভৌমত্বের দাবি করে আসছে। খেলোয়াড়দের হাতে ওই ব্যানার দেখা যাওয়ায় অনেকে এটিকে রাজনৈতিক উসকানি হিসেবেই দেখছেন।
ফিফা এখনো স্পষ্ট করে জানায়নি আর্জেন্টিনাকে কী ধরনের শাস্তি দেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, জরিমানা থেকে শুরু করে পয়েন্ট কাটা বা আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞাও আসতে পারে।




