২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের বেদনাদায়ক হারের ঠিক ১০ দিন পর নিজের আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।
বুধবার মেজর লিগ সকারের ক্লাবটির প্রকাশিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজের সাথে মায়ামির অনুশীলন গ্রাউন্ডে পা রাখছেন।
গত ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে পরাজয়ের পর থেকে নিজ শহর আর্জেন্টিনার রোসারিওতে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন মেসি। পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নভঙ্গের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছিলেন, "কষ্টের মাত্রাটা অসীম এবং এই গভীর ক্ষত শুকাতে অনেক লম্বা সময় লাগবে।"
জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের পর মেসির অনুপস্থিতি নিয়ে ইন্টার মিয়ামির প্রধান কোচ ও মেসির পুরোনো বন্ধু গুইলারমো হোয়োস জানান, মেসি এবং তাঁর ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পলের ফেরার জন্য কোনো তাড়াহুড়ো ছিল না।
"তাদের এই বিরতিটুকু প্রয়োজন ছিল। একটি বিশ্বকাপ আয়োজন ও সেখানে খেলা শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ক্লান্তিকর। এই বিশ্রাম তাদের প্রাপ্য।"
শারীরিক ও মানসিক ক্লান্তি বিবেচনা করে মেসি ও দে পলকে নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত এমএলএস অল-স্টার ম্যাচ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। সাধারণত চোট বা গুরুতর সমস্যা ছাড়া এই ম্যাচ এড়ানোর সুযোগ থাকে না (যার কারণে গত বছর এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি)। তবে বিশ্বকাপের ধকল কাটিয়ে উঠতে এবার লিগ কর্তৃপক্ষ তাদের বিরতির অনুমতি দেয়।
মাঠে কবে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসি ফিরবেন, তার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে আগামী শনিবার কলম্বাস ক্রু-এর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এরপর আগামী বুধবার লিগস কাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসের মুখোমুখি হবে তারা।




