বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের মালিকানা বিক্রি প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

বিশ্বকাপের মালিকানা বিক্রি প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেন ফিফা সভাপতি

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিস্বত্ব ও শেয়ার বিক্রি করতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের বেসরকারি অঙ্গপ্রতিষ্ঠান গঠনের প্রস্তাবে বিশ্বজুড়ে সমালোচনা ও ক্ষোভ তৈরি হওয়ার পর এর পক্ষে সাফাই গেয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এই পরিকল্পনাটি কেবলই একটি প্রস্তাব ও সুযোগ, কারো ওপর চাপিয়ে দেওয়া কোনো বাধ্যবাধকতা নয়।

মঙ্গলবার খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্ব ফুটবল অঙ্গনে উয়েফাসহ নানা পক্ষ এর তীব্র বিরোধিতা করে। উয়েফা অভিযোগ করে, ফুটবলের "আত্মা" বিক্রি করতে চলেছে ফিফা। এর জবাবে ইনফান্তিনো বলেন, বর্তমান বাণিজ্যিক ব্যবস্থা থেকে যে বিপুল আর্থিক লাভ আসে, তা ফুটবলের সবচেয়ে প্রয়োজনে থাকা অঞ্চলগুলোতে পৌঁছায় না।

ভিডিও বার্তায় ফিফা সভাপতি বলেন, "ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই মূলত একটি প্রস্তাব বা অফার। এটি আমাদের গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ারই একটি অংশ। সর্বোপরি, এটি বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নকে ত্বরান্বিত করার একটি সুবর্ণ সুযোগ, তবে কোনো বাধ্যবাধকতা নয়।"

ইনফান্তিনো আরও স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত অব্যবহৃত বাণিজ্যিক সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর উদ্দেশ্যেই এই রূপরেখা তৈরি করা হয়েছে। তবে এটি বাস্তবায়িত হবে কি না, তা সম্পূর্ণভাবে ফিফার ২১১টি সদস্য দেশের গণতান্ত্রিক ভোট এবং ফিফা কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

খেলা পরিচালনা ও নীতি নির্ধারণী দিক থেকে বাণিজ্যিক অংশকে আলাদা করার যুক্তি দেখিয়ে তিনি জানান, এই ব্যবস্থার ফলে খেলা বা টুর্নামেন্টের মূল কাঠামো পরিবর্তন হবে না। উল্টো স্পন্সরশিপ, ব্রডকাস্ট এবং লাইসেন্সিং থেকে পাওয়া বাড়তি লভ্যাংশ ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের মাধ্যমে মাঠ পর্যায়ের ফুটবলে যুক্ত হবে, যা বিশ্বজুড়ে ভক্তদের ফুটবল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর