বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

‘মানুষ কেন আর্জেন্টিনার খেলার প্রশংসা করছে তা বুঝতে পারছি না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

‘মানুষ কেন আর্জেন্টিনার খেলার প্রশংসা করছে তা বুঝতে পারছি না’

আর্জেন্টিনার খেলার ধরনের তীব্র সমালোচনা করেছেন জার্মানির সাবেক স্ট্রাইকার রুডি ভোলার। সাম্প্রতিক সময়ে আলবিসেলেস্তেরা সাফল্য পেলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অনুসরণ বা অনুকরণ কোনো দল করুক, তা তিনি চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

জার্মান ফুটবল কোচ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য রাখার সময় লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনার সাথে জার্মানির তুলনা এক ফুঁতে উড়িয়ে দেন ভোলার। তিনি বলেন, আর্জেন্টিনার খেলার এই কৌশলের সাথে "ফুটবলের কোনো সম্পর্কই নেই"।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর সূত্র ধরে ভোলার বলেন, "আমি বলেছিলাম জার্মানিকে রক্ষণে আরও ভালো করতে হবে। অনেকে আর্জেন্টিনাকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছিলেন, কিন্তু আমি মনে করি এটি একটি বাজে উদাহরণ ছিল। হঠাৎ করেই আর্জেন্টাইনরা মানদণ্ড বা বেঞ্চমার্ক হয়ে উঠল। এই আলোচনাটি আমার কাছে কিছুটা ভণ্ডামি বলেই মনে হয়েছে।"

images

তিনি আরও যোগ করেন, "আর্জেন্টিনার মতো ফুটবল খেলে এমন কোনো দল আমি দেখতে চাই না। তারা যা করেছে তার সাথে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। হ্যাঁ, তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং এবার তারা রানার্স-আপ হয়েছে; কিন্তু এত মানুষ কেন যে তাদের এত প্রশংসা করছে, তা আমি সত্যিই বুঝতে পারছি না।"

আর্জেন্টিনার খেলার বদলে স্পেন ও ইংল্যান্ডের রক্ষণাত্মক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে ভোলার দাবি করেন, এই দুটি দলই আরও বেশি স্বীকৃতি পাওয়ার যোগ্য। তিনি বলেন, "স্পেন প্রশংসার দাবিদার, আর ইংরেজরাও খুব দারুণ রক্ষণ সামলেছে।"

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্পেন, আর আর্জেন্টিনাকে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

জার্মানির নিজস্ব ঘাটতি বা দুর্বলতাগুলোর কথা স্মরণ করে রুডি ভোলার দলের রক্ষণভাগে উন্নতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, "আমি তো বলিনি যে আমরা রক্ষা করতে জানি না। আমরা আরও ভালো রক্ষণ সামলাতে পারি এবং আমাদের তা করতেই হবে, এটিই বাস্তবতা। আর এই রক্ষণের কাজটা শুরু হয় একদম সামনে থেকে কিংবা মাঝমাঠ থেকে।"

আর্জেন্টিনার সাথে ভোলারের মুখোমুখি হওয়ার ইতিহাস বেশ দীর্ঘ। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে আলবিসেলেস্তেদের কাছে পশ্চিম জার্মানির ৩-২ গোলের হারে একটি গোল করেছিলেন তিনি। চার বছর পর ১৯৯০ সালে তার প্রতিশোধ নেন ভোলার, যেখানে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল জার্মানরা।

এর আগে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পরও ক্ষোভ প্রকাশ করেছিলেন এই সাবেক তারকা। সেবারও তিনি বলেছিলেন, "লিওনেল মেসি ছাড়া- যিনি এক কথায় অসাধারণ এবং যাকে সবাই বিশ্বকাপ জিততে দেখতে চেয়েছিল, আমাকে কেউ যেন না বলে যে আর্জেন্টাইনরা আমাদের চেয়ে ভালো দল।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর