দীর্ঘ দুই মাসের বিরতির পর আবারও একত্রিত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। আগামীকাল বুধবার বিকেল ৩টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই নিয়মিত সভা।
বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় উঠবে বলে জানা গেছে। তবে সবকিছুর আলোড়ন ছাড়িয়ে প্রধান আলোচনায় থাকবে বিপিএলের ভবিষ্যৎ। বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলকে একেবারে নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা চলছে। অতীতের ধাঁচ থেকে বেরিয়ে এসে আরও আকর্ষণীয় ও সফল করার চেষ্টা করছে বর্তমান বিপিএল গভর্নিং কমিটি।
বিসিবির একাধিক পরিচালক জানিয়েছেন, সভায় বিপিএল কমিটির প্রধান ও বোর্ডের সহ-সভাপতি ফাহিম সিনহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন। এর আগে তিনি জানিয়েছিলেন, যথাযথ মানের ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে এক বছরের জন্য বিপিএল স্থগিত রাখার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। আগামীকালের বৈঠকে এসব সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়েও আলোচনা হতে পারে। তবে ক্রিকেট অপারেশন্স বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরো প্রক্রিয়া সরাসরি দেখভাল করছেন প্রেসিডেন্ট তামিম ইকবাল। ফলে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো নারী ক্রিকেট। সভায় নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের ৮টি বিভাগে সাবেক নারী ক্রিকেটারদের কোচ হিসেবে নিয়োগের বিষয়টি আলোচনায় থাকবে।




