জার্মান ফুটবলের কিংবদন্তি তারকা ও বর্তমান ক্রীড়া পরিচালক রুডি ফোলার আবারও আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কড়া সমালোচনা করেছেন। তাঁর মতে, আর্জেন্টিনার খেলা দেখে মনে হয় এর সঙ্গে আসল ফুটবলের কোনো যোগসূত্রই নেই।
জার্মান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ফোলার বলেন, আর্জেন্টিনাকে রক্ষণাত্মক খেলার আদর্শ হিসেবে তুলে ধরা একেবারেই ভুল উদাহরণ। তিনি মনে করেন, হঠাৎ করে আর্জেন্টিনা সবার কাছে মানদণ্ড হয়ে উঠেছে, যা তাঁর কাছে ভণ্ডামি ছাড়া আর কিছু মনে হয় না।
ফোলার আরও কঠোরভাবে বলেন, ‘অনেকে বিশ্বমঞ্চে আর্জেন্টিনাকে ভালো রক্ষণের রোল মডেল বা আদর্শ হিসেবে তুলে ধরছেন। কিন্তু এটা অত্যন্ত বাজে একটি উদাহরণ। হঠাৎ করেই আর্জেন্টিনাকে যেন সবকিছুর মাপকাঠি বানিয়ে ফেলা হলো! এই পুরো আলোচনাটাই আমার কাছে ভণ্ডামি মনে হয়।’
‘আমি এমন কোনো দল চাই না যারা আর্জেন্টিনার মতো খেলবে। তারা যা করছে, তার সঙ্গে ফুটবলের পর্যায়ে পড়ে না।’ যদিও আর্জেন্টিনা সাম্প্রতিক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং এবার রানার্সআপ হয়েছে, তবুও তাদের প্রতি এত প্রশংসা কেন পাচ্ছে তা তিনি বুঝতে পারছেন না বলে জানান।
একই বক্তব্যে স্পেনের প্রশংসায় ভরিয়ে দেন ফোলার। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা লুইস দে লা ফুয়েন্তের দলের দাপুটে ও আকর্ষণীয় ফুটবলকে তিনি সত্যিকারের প্রশংসার যোগ্য বলে উল্লেখ করেন। পাশাপাশি সেমিফাইনালে খেলা ইংল্যান্ডের রক্ষণভাগেরও প্রশংসা করেন তিনি।
নিজেদের দল নিয়েও সমালোচনা করতে ভোলেননি ফোলার। সর্বশেষ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ায় জার্মানির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে তিনি স্পষ্ট করে বলেন, জার্মানি রক্ষণ করতে জানে না, এমন কথা তিনি বলেননি। বরং আরও ভালোভাবে রক্ষণ সামলাতে হবে এবং সেই কাজ শুরু করতে হবে আক্রমণ ও মাঝমাঠ থেকেই।




