দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালি ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন ইতালি ফুটবলের কিংবদন্তি পাওলো মালদিনি এবং ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। স্কাই স্পোর্টস ইতালিয়া সোমবার নিশ্চিত করেছে যে, জাতীয় দলের ম্যানেজমেন্ট ঢেলে সাজানোর পরিকল্পনা থেকে সরে এসে দুজনেই তাঁদের দায়িত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর ইতালিয়ান ফুটবলকে পুনর্গঠন করতে গত ১১ জুলাই এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পদে স্থলাভিষিক্ত করা হয়েছিল মালদিনিকে। বরখাস্ত হওয়া জেন্নারো গাত্তুসোর জায়গায় নতুন প্রধান কোচ খুঁজে বের করাই ছিল তাঁর প্রাথমিক কাজ। কিন্তু এর ঠিক আড়াই সপ্তাহের মাথায় তাঁর উপদেষ্টা হিসেবে যোগ দেওয়া লিওনার্দোকে সাথে নিয়ে একযোগে ইস্তফা দেন মালদিনি।
রাশিয়ান একটি বেটিং সংস্থার সাথে বাণিজ্যিক সম্পৃক্ততার অভিযোগে তীব্র সমালোচনার মুখে ইতালির সাবেক তারকা আন্দ্রেয়া পিরলো কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর পরপরই দুই পরিচালকের এই নাটকীয় প্রস্থান ঘটল। পেপ গার্দিওলা ইতালির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোর পর পিরলোই ছিলেন মালদিনির প্রথম পছন্দ।
ইতালি ফুটবলের গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে সময়ে এই দ্বৈত পদত্যাগ সদ্য নির্বাচিত এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগোকে তীব্র সংকটের মুখে ফেলে দিল। একদিকে চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাবগুলোর প্রাথমিক পর্বেই বিদায়, অন্যদিকে টানা তিন বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ- সব মিলিয়ে দিশেহারা ইতালি দলের জন্য এই মুহূর্তে কোনো স্পষ্ট কৌশলগত রূপরেখা রইল না।
বর্তমানে রবের্তো মানচিনি, থিয়াগো মোত্তা এবং আন্তোনিও কোন্তের মতো হাই-প্রোফাইল কোচরাই ইতালির দায়ত্ব নেওয়ার প্তহে এগিয়ে আছেন। তবে এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও ইতালি ফুটবল ফেডারেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।




